যবিপ্রবি প্রতিনিধি:
ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আইইইই) ইন্টারন্যাশনাল কোংগ্রেস অন এআই অ্যান্ড ডিজিটাল হেলথ ইনোভেশন (আইসিএডিএইচআই) ২০২৬ এর আইডিয়া শেয়ার কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের দল NEFRONOVA। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন যবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মোঃ ইশতিয়াক আরেফিন এবং মোঃ শরিফুল ইসলাম।
১৫ ও ১৬ জুন (সোমবার ও মঙ্গলবার) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আইডিয়া কম্পিটিশন, প্রজেক্ট শোকেজ, কী-নোট স্পিচ এবং ওয়ার্কশপ অ্যান্ড ট্র্যানিং এই চারটি সেগমেন্টে আয়োজিত হয়। আইডিয়া কম্পিটিশন প্রতিযোগিতাটি অনলাইনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ এর উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. শাখাওয়াত আলী, আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ওবায়দুর রহমান, সেক্রেটারি ড. মোহাম্মদ আমিনুর রহমান এবং ডিআইইউ’র সাইন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ফোকরে হোসেন।
অনুষ্ঠিত আয়োজনের মূল উদ্দেশ্য স্বাস্থসেবা খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা উপস্থাপন এবং শিক্ষার্থী ও গবেষকের মধ্যে জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরী করা। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারী দলগুলো তাদের সৃজনশীল ও গবেষণাভিত্তিক ধারনা উপস্থাপন করে।
আইডিয়া কম্পিটিশনে চ্যাম্পিয়ন দলকে ৫০০০ টাকা, ১ম রানার্স আপ দলকে ৩০০০ টাকা, ২য় রানার্স আপ দলকে ২০০০ টাকা প্রাইজমানি এবং অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট দেওয়া হয়।
চ্যাম্পিয়ন দলের সদস্য মোঃ ইশতিয়াক আরেফিন বলেন, IEEE ICADHI 2026 আইডিয়া শেয়ার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া আমার শিক্ষাজীবনে সত্যিই খুশি এবং স্মরণীয় সম্মানের বিষয়। এই অর্জনের জন্য আমি সর্বশক্তিমানের কাছে গভীরভাবে কৃতজ্ঞ এবং সকল শ্রদ্ধেয় শিক্ষক, পরামর্শদাতা, আয়োজক ও বিচারকদের প্রতি আন্তরিক ধন্যবাদ, যাদের নির্দেশনা, উৎসাহ এবং সমর্থন এই সাফল্যকে সম্ভব করেছে। এই অর্জন শুধু আমাদের পরিশ্রমের পুরস্কারই নয়, বরং এমন উদ্ভাবনী কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণাও বটে। এছাড়াও এই পুরো সময়ে আমার সতীর্থ মোঃ শরিফুল ইসলামের চেষ্টা ও দলগত প্রচেষ্টার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ।
উল্লেখ্য, অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেডিকেল ডেটা বিশ্লেষণ এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তি ব্যাবহারের দিক সম্পর্কে ধারনা লাভ করতে পারবে।

