পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), পবিপ্রবি ইউনিট।
৯ জুন (মঙ্গলবার) ইউট্যাব, পবিপ্রবি ইউনিটের পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য ও ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় শিক্ষক সমাজসহ সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত ও আনন্দিত।
অভিনন্দন বার্তায় ইউট্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অধ্যাপক হেমায়েত জাহানের দীর্ঘ শিক্ষাজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে পবিপ্রবি শিক্ষা, গবেষণা এবং নৈতিক উৎকর্ষের নতুন উচ্চতায় পৌঁছাবে। পাশাপাশি জ্ঞানচর্চা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধ বিকাশে বিশ্ববিদ্যালয়টি আরও সমৃদ্ধ হবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় মহামান্য চ্যান্সেলর ও সরকার প্রধানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। একই সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন ইউট্যাব নেতৃবৃন্দ।
/কানিজ/মুশতাক

