ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘দিগন্ত’ বাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর পেট্রল বোমা নিক্ষেপ, দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক নাশকতা ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান বিশ্বাসসহ শাখা ছাত্রশিবিরের প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল থেকে ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না’, ‘খুনি হাসিনার আস্তানা, জ্বালিয়ে দে পুড়িয়ে দে’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘তারেক রহমান সংসদে, হাসিনা রাজপথে’ এবং ‘শিক্ষা আর ছাত্রলীগ একসঙ্গে চলে না’, ‘কিসের আবার ডিসেম্বর, ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।
কুষ্টিয়া জেলা শিবির সভাপতি ইমরান বিশ্বাস বলেন, নৈরাজ্য সৃষ্টি করেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল। তারা বিগত ১৭ বছর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এখন পতিত ফ্যাসিস্ট ভারতে বসে ষড়যন্ত্র করতেছে দেশকে অস্থিতিশীল করার। কিন্তু বর্তমান সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দেশের জনগণ আর আধিপত্যবাদ কায়েম করতে দেবে না। মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি না করে ক্ষমতার মসনদে বসে জনগণের অধিকার বাস্তবায়ন করুন। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ভারতের আধিপত্যবাদ কায়েম না করে দেশের উন্নয়নের জন্য কাজ করুন। প্রকাশ্যে দেশে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার বিরুদ্ধে ছাত্রশিবির সর্বদা রাজপথে আছে এবং থাকবে। ফ্যাসিস্টরা জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধে ক্ষমতাচ্যুত হওয়ার বিদ্বেষ থেকেই শিক্ষার্থীদের ওপর বোমা হামলা চালাচ্ছে। অপরদিকে তারা বারবার দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠছে। বিগত ১৭ বছর ভারতের একটা রাজ্য বানানোর জন্য সব করেছেন। তাই জনগণ ৫ আগস্ট বিতাড়িত করেছে। ছাত্রলীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য আমরা সরকারকে আহ্বান জানাই।
তিনি আরও বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে হামলা করেছিল তারা এখনো বহাল রয়েছে। অতি দ্রুত তাদের বিচার কার্যকর করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে ছাত্রদলের প্রতি আহ্বান জানাই। যদি সরকার সচেতন হতো তাহলে তারা এই নাশকতার সাহস পেত না। আপনারা যদি বিচার করতে না পারেন তাহলে আমাদের ওপর ছেড়ে দেন, জনগণের ওপর ছেড়ে দেন আমরাই তার বিচার করব।
প্রসঙ্গত, সোমবার (৯ নভেম্বর) রাতে ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাবল ডেকার ‘দিগন্ত’ বাসে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এদিকে ভোর সাড়ে ৫টায় ক্যাম্পাসে শাহ আজিজুর রহমান হল পকেট গেটে হাতবোমা পাওয়া যায়। পরে প্রক্টরের উপস্থিতিতে তা নিষ্ক্রিয় করা হয়। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শৈলকূপা থানায় সাধারণ ডায়েরি করেছে প্রশাসন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে রাতভর টহলের ব্যবস্থা গ্রহণ করা হয়।
/কানিজ/সৈকত

