রাব্বীল,যবিপ্রবি প্রতিনিধি:
ট্রেনের জানালার পাশের সিটে বসে থাকলে এক অদ্ভুত অনুভূতি কাজ করে মনে। দৃশ্যগুলো বদলে যায়, একটা স্টেশন আসে, কিছুক্ষণ থেকে আবার নিজ গতিতে চলে যায় পরের স্টেশনে, নিজ প্রয়োজনে মানুষ ওঠে; নামে। সবকিছু চলমান এক গল্পের মতো, যেন আগেই লিখে রাখা এক নিয়ম। ঠিক তেমনি আমাদের জীবনও যেন এক দীর্ঘ ট্রেন জার্নি।
আমাদের জীবনের শুরুটাও অনেকটা প্রথম স্টেশনের মতোই। জন্মের পর আমরা পরিবার নামক একটা ছোট বগিতে যাত্রা শুরু করি। তখন আমাদের চারপাশে থাকে পরিচিত কিছু মুখ, মা-বাবা, আত্মীয়-স্বজন যেমন করে ট্রেনে থাকা পাশের সিটে বসা যাত্রীর মতো। এই সময়টা মনে হয় মা-বাবার সাথে থাকার মতো নিরাপদ ও স্নিগ্ধতার। কিন্তু ট্রেন যেমন এক জায়গায় চিরকাল দাঁড়িয়ে থাকে না ঠিক তেমনি জীবনও এক জায়গায় থেমে থাকে না।
একসময় আমরা বড় হই, নতুন স্টেশন আসে। আমাদের জীবনের অংশ হয় স্কুল, বন্ধু আরও নানান স্বপ্ন। ঠিক তেমন এই সময়টায় আমাদের বগিতে নতুন যাত্রী যোগ হয়। কেউ দীর্ঘ সময় থাকে আর কেউ আবার কয়েকটা স্টেশন পরেই নেমে যায়। বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্ক সবই যেন আমাদের স্বল্প-সহযাত্রী। কেউ আমাদের জীবনে গভীর ছাপ ফেলে যায়, আবার কেউ আসে নিঃশব্দে, চলেও যায় নিঃশব্দেই।
ট্রেন যাত্রায় যেমন সবসময় সবকিছু মসৃণ থাকে না, জীবনের পথও তেমনই,সব সময় সহজ থাকেনা, সুযোগ আসেনা। কখনো ট্রেন থেমে যায় সিগন্যালের জন্য, কখনো দেরি হয়, কখনো ঝড়-বৃষ্টিতে গতি কমে যায় আরোও নানান সমস্যা। জীবনে এই সময়গুলোই হলো কঠিন মুহূর্ত, ব্যর্থতা, কষ্ট, হতাশা ইত্যাদি। কিন্তু ট্রেন যেমন শেষমেশ আবার তার ইঞ্জিন চালু করে চলতে শুরু করে, তেমনি মানুষও সময়ের সাথে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়,এগিয়ে যেতে হয়।
আবার কিছু স্টেশন থাকে খুব সুন্দর, শান্ত, মনোরম। ঠিক তেমনি জীবনেও কিছু মুহূর্ত থাকে, যা আমাদের গভীর আনন্দ দেয়। এনে দেয় সাফল্য, প্রিয়জনের হাসি, স্বপ্ন পূরণের তৃপ্তি। এই মুহূর্তগুলোই আমাদের যাত্রাকে অর্থপূর্ণ করে তোলে,এমুহূর্ত গুলোর স্মৃতিই আমরা বয়ে বেড়ায় আর এগুলোই আমাদের অনুপ্রেরণা জোগায়।
সবচেয়ে ভাবানোর বিষয় হলো, সব যাত্রী একসাথে শেষ গন্তব্যে পৌঁছায় না। কেউ আগে নেমে যায় আর কেউ পরে। জীবনের ক্ষেত্রেও তাই। সব সম্পর্ক চিরস্থায়ী নয়। কিছু মানুষ আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকে, পুরোটা নয়। এই বাস্তবতাকে মেনে নিয়েই এগিয়ে যেতে হয়।
শেষ পর্যন্ত, ট্রেন যেমন তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়, তেমনি মানুষের জীবনও একদিন তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়। গুরুত্বপূর্ণ এই গন্তব্য নয় বরং যাত্রাপথ। পথের অভিজ্ঞতা, সেই মানুষগুলো, তাদের স্মৃতিগুলো, সব মিলিয়েই জীবনের আসল সৌন্দর্য।
জীবন আসলে একটি ট্রেন জার্নি। যেখানে প্রতিটি স্টেশন একটি নতুন অধ্যায়, প্রতিটি যাত্রী একেকটি গল্প, আর প্রতিটি মুহূর্ত একেকটি স্মৃতি। এই যাত্রাকে উপভোগ করতে পারলেই জীবন হয়ে ওঠে সত্যিকার অর্থে সুন্দর।
/কেএফ/রাব্বীল

