etcnews
ঢাকাMonday , 13 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাগিং সম্পৃক্ততায় অব্যাহতি, তদন্ত শেষে পুনর্বহাল গকসুর প্রতিনিধি মেহেদী

etcnews
April 13, 2026 9:13 pm
Link Copied!

গবি প্রতিনিধি, সাভার

সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) অনুষদ প্রতিনিধি মো. মেহেদী হাসানকে র‍্যাগিংয়ের অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়ার পর তদন্ত শেষে তার ওপর থেকে সেই অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) ঘটনার অধিকতর তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত শাস্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে তার ওপর আরোপিত সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। গকসু সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক মো. রায়হান খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

ছাত্র সংসদ সূত্রে জানা যায়, গত বছরের ২৬ নভেম্বর সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) মো. রায়হান খান স্বাক্ষরিত এক নির্দেশে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রতিনিধি মো. মেহেদী হাসান (২৮তম ব্যাচ, আইন বিভাগ)কে কেন্দ্রীয় ছাত্র সংসদের সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।

নির্দেশে বলা হয়, গণ বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা লঙ্ঘন করে একই বিভাগের শিক্ষার্থী শের আলীকে (৩৩তম ব্যাচ, ১ম সেমিস্টার) র‍্যাগিং ও নৃশংস নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। প্রাথমিক তদন্তে র‍্যাগিংয়ে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়।

ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠু তদন্ত পরিচালনার স্বার্থে তাকে ছাত্র সংসদের সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। সেই সময় নির্দেশে বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

নতুন আদেশ অনুযায়ী, মো. মেহেদী হাসান এখন থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য হিসেবে তার পূর্বের সকল দায়িত্ব ও কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।

অনুষদ প্রতিনিধি মেহেদী বলেন, ‘আগে যা ঘটেছিল, তা আমি মনে করতে চাই না। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমি আবার আমার পদ ফিরে পেয়েছি। এ জন্য ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান ও জিএস রায়হান খানকে ধন্যবাদ জানাই। আমার বিভাগকে কেন্দ্র করে কাজ করতে চাই। সামনে অনেকগুলো কাজ আছে। আগে যেভাবে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করেছি, সেই ধারা অব্যাহত রেখে শিক্ষার্থীদের জন্য নতুনভাবে আবার কাজ করে যেতে চাই।’

গকসুর ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের অনুষদ প্রতিনিধি মো. মেহেদী হাসানের বিরুদ্ধে র‍্যাগিং সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছিল। পরবর্তীতে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত সম্পন্ন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে শাস্তির মেয়াদ শেষ হওয়ায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে তার ওপর আরোপিত অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পুনরায় স্বপদে দায়িত্ব পালনে ফিরতে পারবেন।

শরিফুল ইসলাম রিফাত/এসএসকে/

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।