যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে নিয়ে এক কঠোর পোস্ট দিয়েছেন, যেখানে ‘praise be to Allah’ (আল্লাহর প্রশংসা হোক) বাক্য ব্যবহার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান সামরিকভাবে সম্পূর্ণ পরাজিত। তিনি বলেন, দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি ইরানের ড্রোন ও মিসাইল কারখানাও ধ্বংস হয়েছে এবং তাদের দীর্ঘদিনের নেতৃত্ব আর বিদ্যমান নেই।
এই প্রেক্ষাপটেই ট্রাম্প লেখেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের দীর্ঘদিনের নেতারা আর আমাদের মাঝে নেই— সমস্ত প্রশংসা আল্লাহর।’
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে ব্যঙ্গাত্মক বা রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে কৌশলগত বক্তব্য বলেও মনে করছেন।
এছাড়া ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি নিরাপদ করার উদ্যোগ নিয়েছে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ।
তবে ট্রাম্পের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে আন্তর্জাতিক মহল থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডেস্ক/এসএসকে/

