বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় তা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক বজায় রাখতে চায়।
শনিবার (০৮ মার্চ) ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ। আমরা সমসময় আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী বলতেন, আমরা বন্ধুদের পরিবর্তন করলেও প্রতিবেশিদের পরিবর্তন করতে পারি না। সুতরাং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাই।
প্রতিবেদনে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে ভারত বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করে যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা হবে।

