etcnews
ঢাকাThursday , 6 March 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

অবশেষে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটলো

etcnews
March 6, 2025 2:52 pm
Link Copied!

দেড় মাসেরও বেশি সময় পর সরকারের কঠোর অবস্থানের কারণে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। এতে ভোক্তাদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরেছে। ব্যবসায়িকরা বলছেন, পুরোপুরি সংকট না কাটলেও গত দুই দিনে বোতলের সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় অনেক বেড়েছে। আশা করা যায়, ২-১ দিনের মধ্যে সংকট পুরোপুরি কেটে যাবে।

গতকাল বুধবার কারওয়ান বাজার, নয়াবাজার, হাতিরপুল ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ খবর নিয়ে ব্যবসায়িক ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

কারওয়ান বাজারে দুই শতাধিক দোকানে ভোজ্যতেল বিক্রি করা হয়। বুধবার বিকেলে বেশ কয়েকটি দোকানে খোঁজ নিয়ে জানা যায় আগের তুলনায় ২ দিনে সরবরাহ অনেক বেড়েছে।

ব্যবসায়িক বিধান সাহা বলেন, এখন আর বোতলের সয়াবিন তেলের সংকট নেই। চাহিদামতো সরবরাহ পাওয়া যাচ্ছে। তবে রমজানের শুরুতে সয়াবিন নিয়ে যে তুলকালাম কাণ্ড ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। তিনি আরো বলেন, এখন তো এমনিতেই সয়াবিন তেলের চাহিদা কমেছে।

কারওয়ান বাজারের হাজী মিজান ট্রেডার্সের সাগর হোসেন বলেন, গত দুইদিন ধরে সয়াবিনের কোনো সংকট নেই। ২ দিনে সরবরাহ অনেক বেড়েছে।

মেসার্স আল-আমিন টেডার্সের আজগর হোসেন বলেন, রোজার শুরুতে যে ধরনের সংকট ছিল তা গত দুইদিনে কেটে গেছে। এখন আমরা চাহিদা মতই সরবরাহ পাচ্ছি।

তবে আল্লাহর দান স্টোরের মালিক ওমর ফারুক বলেন, এখনো পুরোপুরি সংকট কাটেনি। ১/২ লিটারের সয়াবিনের বোতল পাওয়া গেলেও ৫ লিটারের বোতল এখনো চাহিদামতো পাওয়া যাচ্ছে না। আজকেও অর্ডার করেও ৫ লিটারের বোতল পাইনি। তার মতে, বাজারে বড় ধরনের সিন্ডিকেট সক্রিয়। এ বিষয়ে সরকারের আরো কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন।

এদিকে আমেনা খাতুন নামের এক ক্রেতারা কারওয়ান বাজার থেকে ৫লিটারের সয়াবিনের বোতল নিয়ে বাসায় ফিরছিলেন। তিনি বলেন, সব দোকানেই এখন সয়াবিনের বোতল পাওয়া যাচ্ছে।

গত ১০ ডিসেম্বর ব্যবসায়িকদের চাপের মুখে লিটারে আট টাকা বাড়ানোর পর কয়েকদিন সরবরাহ স্বাভাবিক থাকার পর ফের বাজারে বোতলজাত ভোজ্যতেলের সংকট সৃষ্টি হয়। এক পর্যায়ে খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেল হঠাৎ উদাও হয়ে যায়। দেড় মাসেরও বেশি সময় ধরে এ ধরনের সংকট চলার পর সরকারের কঠোর অবস্থানে অবশেষে বোতলজাত সয়াবিনের সংকট কেটেছে।

ডিলাররা বলছেন সব প্রতিষ্ঠান সময়মতো সয়াবিন তেল সরবরাহ না করায় এই সংকট তৈরি হয়েছিল। ভোক্তারা বলছেন, সিন্ডিকেট ভাঙ্গতে না পারলে আবারো সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে।

ভোগ্যপণ্যের সরবরাহকারি নাবিল গ্রুপের কর্ণধার আমিনুল ইসলাম স্বপন বলেন, রমজানের আগ মুহূর্তে বাজারে বোতলজাত সয়াবিনের যে সংকট হয় তা ছিল কৃত্রিম। যারা এর আগে ৬০-৭০ শতাংশ ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণ করতো তারাই মূলত তেলের মিল বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির ক্ষেত্রে জড়িত। সেহেতু সরকারকে প্রকৃত কারণ চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথা বারবার এ ধরনের সংকটের পুনরাবৃত্তি ঘটতে পারে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।