etcnews
ঢাকাTuesday , 17 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

কোন রঙের ডিমলাইট ঘুমের জন্য সহায়ক?

etcnews
November 17, 2026 3:22 pm
Link Copied!

রাতে ঘুমানোর সময় ঘরে ডিমলাইট জ্বালিয়ে রাখার অভ্যাস অনেকেরই আছে। তবে ডিমলাইটের রং কেবল ঘরের পরিবেশ নয়, ঘুমের ওপরও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নীল আলো ঘুমের জন্য সহায়ক নয়। অন্যদিকে লাল, হলুদ ও কমলা রঙের আলো ঘুমের উপযোগী পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে। শুধু ঘুমানোর সময় নয়, ঘুমের কয়েক ঘণ্টা আগেও ঘরের আলোর রং ও তীব্রতার বিষয়ে সচেতন থাকা জরুরি।ঘুমের চক্রে আলোর প্রভাব এবং কোন ধরনের আলো ব্যবহার করা ভালো, সে বিষয়ে কথা বলেছেন রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের নিউরোমেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. ইসরাত জেরিন আলম। তার দেওয়া পরামর্শ ও তথ্যের ভিত্তিতে বিষয়টি তুলে ধরা হলো।ঘুমের চক্রে আলোর প্রভাব

আমাদের ঘুমের চক্রের ওপর আলোর রং ও তীব্রতার প্রভাব রয়েছে। সূর্য ওঠার পর চারদিকে যে আলো ছড়িয়ে পড়ে, তা কর্মচাঞ্চল্য বাড়াতে সহায়তা করে। অন্যদিকে সূর্যাস্তের সময়ের গাঢ় লাল আলো এবং রাতের স্বাভাবিক অন্ধকার ঘুমের জন্য সহায়ক।
তবে আধুনিক শহুরে জীবনে প্রকৃতির এই স্বাভাবিক নিয়ম অনেকটাই ব্যাহত হচ্ছে। রাতেও ঘরে-বাইরে থাকে উজ্জ্বল আলোর আয়োজন। কেউ পড়ালেখা বা পেশাগত কাজে ব্যস্ত থাকেন গভীর রাত পর্যন্ত। কেউ সময় কাটান মুঠোফোন কিংবা অন্য ডিজিটাল যন্ত্রে। কারও চোখ থাকে টেলিভিশনের পর্দায়। কেউ আবার রাতের শহর ঘুরে বেড়ান কিংবা গভীর রাতে বাইরে খেতে যান। চারদিকে কৃত্রিম আলোর উপস্থিতি। এমনকি ঘুমানোর সময়ও অনেকে বিভিন্ন রঙের ডিমলাইট ব্যবহার করেন।নীল আলো যেভাবে ঘুমের ব্যাঘাত ঘটায়

রাতের কর্মব্যস্ততা ও কৃত্রিম আলোর ব্যবহার অনেকের ঘুমে ব্যাঘাত ঘটায়। বিশেষ করে নীল আলো শরীরে মেলাটোনিনের নিঃসরণ কমিয়ে দেয়। মেলাটোনিনকে বলা হয় ঘুমের হরমোন। ফলে নীল আলোর সংস্পর্শে থাকলে ঘুম আসতে দেরি হতে পারে।

নীল আলোর উৎস শুধু নীল রঙের বাল্ব বা ডিমলাইট নয়। মুঠোফোন, ট্যাব, টেলিভিশন, কম্পিউটার, গেমিং সিস্টেম, এলইডি বাল্ব ও ফ্লুরোসেন্ট বাল্ব থেকেও নীল আলো নির্গত হয়। এ ছাড়া যেকোনো রঙের উজ্জ্বল আলোতে সময় কাটানোর পর হঠাৎ ঘুমিয়ে পড়াও কঠিন হতে পারে।

ঘুমের আগে কেমন আলো ব্যবহার করবেন

অনেকেরই দেরি করে ঘুমানোর অভ্যাস রয়েছে। তবে শুধু নির্দিষ্ট সময়ে ঘুমাতে গেলেই যে ঘুম আসবে, তা নয়। ঘুমানোর আগে কী ধরনের আলোতে সময় কাটাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। তাই সন্ধ্যার পর কিংবা ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে ঘরের আলোর তীব্রতা কমিয়ে রাখা ভালো।

এ সময় ঘরে হলুদ, কমলা বা লাল রঙের আলো ব্যবহার করার চেষ্টা করুন। সন্ধ্যার পর বাইরে থেকে আলো ঘরে প্রবেশের পথেও পর্দা টেনে দিতে পারেন। তবে ঘরের চলাচল, পড়ালেখা ও অন্যান্য কাজের জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা জরুরি। এসব প্রয়োজন মেটাতে ওয়ার্ম বা হলুদাভ আলো ব্যবহার করা যেতে পারে।

ঘুমানোর দুই থেকে তিন ঘণ্টা আগে মুঠোফোন ও টেলিভিশনের মতো নীল আলোর উৎস ব্যবহার বন্ধ করতে পারলে ভালো। একান্ত প্রয়োজন হলে যন্ত্রগুলোর ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করুন। সম্ভব হলে নাইট মোড চালু রাখুন এবং ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনুন। প্রয়োজনে মানসম্মত ব্লু লাইট ব্লকিং গ্লাস ব্যবহার করা যেতে পারে।

ডিমলাইটের রং বাছাই করবেন যেভাবে

ঘুমানোর জন্য অন্ধকার ঘরই সবচেয়ে ভালো। তবে বিশেষ প্রয়োজনে ডিমলাইট ব্যবহার করতে হলে রং নির্বাচনে সতর্ক থাকা দরকার। লাল রঙের ডিমলাইট সবচেয়ে ভালো। হলুদ বা কমলা রঙের আলোও ব্যবহার করা যেতে পারে। তবে নীল রঙের ডিমলাইট ব্যবহার করা উচিত নয়। নীল আলোর মতো অতটা ক্ষতিকর না হলেও সবুজ রঙের ডিমলাইট এড়িয়ে চলা ভালো।

অর্থাৎ, ঘুমের উপযোগী পরিবেশ তৈরিতে শুধু ডিমলাইটের রং নয়, ঘুমানোর আগের কয়েক ঘণ্টায় আলোর তীব্রতা ও উৎসের দিকেও নজর দেওয়া জরুরি।

তথ্যসূত্র: প্রথম আলো

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।