etcnews
ঢাকাSunday , 22 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

খাবার খাওয়ার পরপরই ঘুম পায় কেন?

etcnews
November 22, 2026 6:21 pm
Link Copied!

খাবার খাওয়ার পর কিছুটা ঝিমুনি বা ক্লান্তি অনুভব করা অনেকের কাছেই পরিচিত অভিজ্ঞতা। বিশেষ করে দুপুরের খাবারের পর এই প্রবণতা বেশি দেখা যায়। কারও চোখ ভারী হয়ে আসে, কেউ কাজে মনোযোগ হারান, আবার কেউ সুযোগ পেলে একটু ঘুমিয়ে নেন। চিকিৎসাবিজ্ঞানে খাবার গ্রহণের পর এমন ঘুম ঘুম ভাবকে বলা হয় ‘পোস্টপ্র্যান্ডিয়াল সোমনোলেন্স’। সাধারণভাবে এটি ‘ফুড কোমা’ নামেও পরিচিত।যুক্তরাষ্ট্রভিত্তিক ঘুম ও ঘুমের স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান স্লিপ ফাউন্ডেশন তাদের ‘Why Do I Get Sleepy After Eating?’ শীর্ষক প্রতিবেদনে বলেছে, বড় পরিমাণের খাবার, অতিরিক্ত কার্বোহাইড্রেট ও চর্বিযুক্ত খাবার এবং রক্তে শর্করার ওঠানামা খাবারের পর ঘুম ঘুম ভাব তৈরিতে ভূমিকা রাখতে পারে। এর সঙ্গে যুক্ত হয় শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দ ও ঘুমের চাহিদা।শরীরের জৈবিক ঘড়ির প্রভাব

মানবদেহ একটি নির্দিষ্ট জৈবিক ছন্দ বা ঘড়ি অনুসরণ করে, যাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। এটি প্রায় ২৪ ঘণ্টার চক্রে শরীরের ঘুম, জাগরণ, হরমোন নিঃসরণ, শরীরের তাপমাত্রা ও বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।স্লিপ ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুর দিকে শরীরের সজাগ থাকার প্রবণতা তুলনামূলক বেশি থাকলেও দুপুরের দিকে স্বাভাবিকভাবেই তা কিছুটা কমে আসে। এ সময় ঘুমের প্রবণতা বাড়তে পারে। ফলে দুপুরের খাবারের পর এই স্বাভাবিক শারীরবৃত্তীয় পরিবর্তনের সঙ্গে খাবার গ্রহণের প্রভাব যুক্ত হয়ে ঝিমুনি আরও বাড়িয়ে দিতে পারে।অর্থাৎ, দুপুরে খাবার খাওয়ার পর ঘুম পাওয়ার জন্য শুধু খাবারই দায়ী নয়। দিনের ওই সময়টিতে শরীরের স্বাভাবিক ঘুমের প্রবণতাও এর একটি কারণ।

বেশি খাবার খেলে ঘুম পায় কেন?

খাবারের পরিমাণও ঘুম ঘুম ভাবের একটি গুরুত্বপূর্ণ কারণ। সাধারণত অল্প খাবারের তুলনায় বেশি পরিমাণে বা উচ্চ ক্যালরিযুক্ত খাবার খেলে ক্লান্তি ও ঝিমুনি বেশি অনুভূত হতে পারে।

যুক্তরাষ্ট্রের অলাভজনক চিকিৎসাপ্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিক তাদের ‘What Is a Food Coma (Postprandial Somnolence)?’ শীর্ষক নিবন্ধে জানিয়েছে, বড় ও বেশি শক্তিসম্পন্ন খাবার গ্রহণের পর ঘুমের প্রবণতা তুলনামূলক বেশি হতে পারে। এ সময় খাবার থেকে পাওয়া পুষ্টি উপাদান, অন্ত্র থেকে মস্তিষ্কে পাঠানো সংকেত এবং মস্তিষ্কের সজাগ থাকার প্রক্রিয়ায় পরিবর্তন ভূমিকা রাখে।

তাই একবারে অতিরিক্ত খাবার গ্রহণের পরিবর্তে পরিমিত পরিমাণে খাবার খাওয়া শরীরের অস্বস্তি ও খাবারের পর অতিরিক্ত ঝিমুনি কমাতে সহায়ক হতে পারে।

কোন খাবারে বেশি ঘুম পায়?

সব খাবার খেলে শরীরে একই ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় না। খাবারের উপাদান ও পরিমাণের ওপরও নির্ভর করে খাবারের পর কতটা ক্লান্তি অনুভূত হবে।

স্লিপ ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাবারের পর ক্লান্তি বাড়াতে পারে। ভাজাপোড়া, ফাস্টফুড, অতিরিক্ত চর্বিযুক্ত মাংস এবং প্রক্রিয়াজাত খাবার এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। একইভাবে বেশি পরিমাণে কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার গ্রহণের পরও ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে। বিশেষ করে পরিশোধিত শর্করা ও প্রক্রিয়াজাত স্টার্চসমৃদ্ধ খাবার দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে।

এ ছাড়া কিছু খাবারে প্রাকৃতিকভাবে মেলাটোনিন থাকে। যেমন—চেরি, টমেটো, আখরোট ও দুধ। মেলাটোনিন এমন একটি হরমোন, যা শরীরের ঘুম ও জাগরণের চক্র নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তবে এসব খাবার খেলেই যে ঘুম পাবে, এমন নয়। খাবারের পরিমাণ ও অন্যান্য খাদ্য উপাদানের সঙ্গে মিলিয়ে এর প্রভাব ভিন্ন হতে পারে।

ডিম, মুরগির মাংস, দুধ, পনির, সয়াবিন ও কুমড়ার বীজে থাকে ট্রিপটোফ্যান নামের একটি অ্যামিনো অ্যাসিড। শরীর এই উপাদান থেকে সেরোটোনিন এবং পরবর্তী সময়ে মেলাটোনিন তৈরি করতে পারে। এ দুটি রাসায়নিক উপাদান মেজাজ ও ঘুম নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত। তবে শুধু ট্রিপটোফ্যানসমৃদ্ধ খাবার খাওয়ার কারণেই ঘুম আসে, এমন সরল ব্যাখ্যা বৈজ্ঞানিকভাবে যথেষ্ট নয়।

ঘুমের ঘাটতি থাকলেও বাড়ে ঝিমুনি

রাতে পর্যাপ্ত ঘুম না হলে দিনের বেলায় শরীর স্বাভাবিকভাবেই ক্লান্ত থাকে। এ অবস্থায় খাবার গ্রহণের পর স্বাভাবিক যে ঝিমুনি তৈরি হয়, তা আরও তীব্র হতে পারে।

স্লিপ ফাউন্ডেশনের প্রতিবেদনে ঘুমের ঘাটতিকে খাবারের পর অতিরিক্ত ক্লান্তি অনুভবের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। রাতে ঘুমের মান খারাপ হলে কিংবা প্রয়োজনের তুলনায় কম ঘুমালে শরীরের ঘুমের চাহিদা জমতে থাকে। ফলে দুপুরের খাবারের পর শরীর আরও বেশি বিশ্রাম চাইতে পারে।

এ ছাড়া রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া, অনিয়মিত ঘুমের সময়সূচি এবং শিফটভিত্তিক কাজের অভ্যাসও দিনের বেলায় ঘুম ঘুম ভাব বাড়াতে পারে।

খাবারের পর ঘুম পাওয়া কি ডায়াবেটিসের লক্ষণ?

খাবার খাওয়ার পর ঘুম পাওয়া মানেই ডায়াবেটিস হয়েছে, এমন নয়। তবে নিয়মিত অতিরিক্ত ক্লান্তি বা ঝিমুনি অনুভবের সঙ্গে রক্তে শর্করার অস্বাভাবিক ওঠানামার সম্পর্ক থাকতে পারে।

স্লিপ ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে শরীরের রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ফলে খাবারের পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া কিংবা পরবর্তী সময়ে কমে যাওয়ার সঙ্গে ক্লান্তি, ঝিমুনি ও মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে।

এ ছাড়া স্লিপ অ্যাপনিয়া, রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা এবং কিছু হজমজনিত অসুস্থতাও খাবারের পর অতিরিক্ত ক্লান্তির সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাই প্রায়ই অস্বাভাবিক ঘুম ঘুম ভাব দেখা দিলে, বিশেষ করে এর সঙ্গে অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, মাথা ঘোরা বা অকারণ ওজন পরিবর্তনের মতো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।খাবারের পর ঘুম ঘুম ভাব কমাবেন যেভাবে

খাবারের পর স্বাভাবিক ঝিমুনি পুরোপুরি এড়ানো সম্ভব না হলেও কিছু অভ্যাসের মাধ্যমে তা কমানো যেতে পারে। স্লিপ ফাউন্ডেশন এ ক্ষেত্রে কয়েকটি পরামর্শ দিয়েছে।

 

পরিমিত খাবার খান: একবারে অতিরিক্ত খাবার না খেয়ে পরিমাণ নিয়ন্ত্রণ করুন। বড় ও উচ্চ ক্যালরিযুক্ত খাবারের পরিবর্তে পরিমিত খাবার গ্রহণ করুন।

সুষম খাদ্য বেছে নিন: খাদ্যতালিকায় শাকসবজি, ফল, বাদাম, আঁশসমৃদ্ধ খাবার ও পর্যাপ্ত প্রোটিন রাখুন। অতিরিক্ত চিনি, পরিশোধিত শর্করা ও স্যাচুরেটেড ফ্যাটসমৃদ্ধ খাবার কমানো ভালো।

খাবারের পর হাঁটুন: খাওয়ার পরপরই দীর্ঘ সময় বসে না থেকে হালকা হাঁটাহাঁটি করতে পারেন। দিনের আলোতে কিছুক্ষণ হাঁটলে শরীরের সজাগ ভাব বজায় রাখতেও সহায়তা হতে পারে।

পর্যাপ্ত পানি পান করুন: শরীরে পানির ঘাটতি থাকলেও ক্লান্তি ও ঝিমুনি বাড়তে পারে। তাই দিনের বিভিন্ন সময়ে পর্যাপ্ত পানি পান করা জরুরি।

রাতের ঘুম নিশ্চিত করুন: নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখুন। প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতি রাতে সাত থেকে নয় ঘণ্টা ঘুমের প্রয়োজন হয়।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

খাবারের পর কিছুটা ঘুম ঘুম ভাব সাধারণ ঘটনা। তবে এটি যদি নিয়মিত দৈনন্দিন কাজ, পড়াশোনা কিংবা কর্মক্ষমতায় বাধা সৃষ্টি করে, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। বিশেষ করে খাবারের পর অতিরিক্ত ঝিমুনির সঙ্গে মাথা ঘোরা, বমিভাব, অস্বাভাবিক দুর্বলতা বা মনোযোগের বড় ধরনের ঘাটতি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

স্লিপ ফাউন্ডেশনের পরামর্শ অনুযায়ী, খাদ্যাভ্যাস ও ঘুমের রুটিনে পরিবর্তন আনার পরও যদি অতিরিক্ত ঘুম ঘুম ভাব না কমে, তাহলে এর পেছনে কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না, তা পরীক্ষা করা দরকার।

খাবারের পর একটু বিশ্রাম নিতে ইচ্ছা করা অস্বাভাবিক নয়। তবে প্রতিবার খাবার খাওয়ার পরই যদি চোখ বন্ধ হয়ে আসে, তাহলে শুধু খাবারের পরিমাণ নয়, খাবারের ধরন, ঘুমের সময়সূচি এবং সামগ্রিক শারীরিক অবস্থার দিকেও নজর দেওয়া জরুরি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।