etcnews
ঢাকাSaturday , 28 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষার হলে সাবেক সমন্বয়কের কাছ থেকে মোবাইল উদ্ধার

etcnews
November 28, 2026 5:20 am
Link Copied!

নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে সাবেক সমন্বয়ক জাহিদুল ইসলাম হাসানের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁর উত্তরপত্র রেখে তাঁকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের ৪০২ নম্বর কক্ষে ফলিত গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাসিক্যাল মেকানিক্স (কোর্স কোড: ৪১০৩) বিষয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা চলাকালে জাহিদুল ইসলাম হাসান বেঞ্চের ওপর চাদরের একাংশ রেখে পরীক্ষা দিচ্ছিলেন। বিষয়টি দায়িত্বরত এক কক্ষ পরিদর্শকের নজরে এলে তাঁর সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে জাহিদুলের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা বিধি অনুযায়ী, পরীক্ষা চলাকালে নকলের উপাদান সঙ্গে রাখা ও নকল করা, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা কিংবা তা দেখে লেখা, পরীক্ষার হল থেকে বের হয়ে উত্তর দেখে আসা, পরীক্ষার উত্তরপত্র হল থেকে গোপনে সরিয়ে নিয়ে পরবর্তী সময়ে তাতে লিখে আনা, হল পর্যবেক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা, উত্তরপত্র বদল করা কিংবা অন্যের উত্তরপত্র দেখে লেখা শাস্তিমূলক অপরাধ।

বিধি অনুযায়ী, উল্লেখিত কোনো অপরাধ সংঘটিত হলে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শক জব্দকৃত আলামত, প্রবেশপত্র ও উত্তরপত্রসহ প্রধান পর্যবেক্ষককে অবহিত করবেন। পরবর্তী সময়ে প্রধান পর্যবেক্ষক পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর নির্ধারিত ফরমের মাধ্যমে অভিযোগ দায়ের করবেন।

তবে মোবাইল ফোন উদ্ধারের পর কক্ষ পরিদর্শক তাঁর উত্তরপত্র রেখে তাঁকে পরীক্ষার হল থেকে বের করে দিলেও এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্যাম্পাসে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে জানতে নোবিপ্রবির সাবেক সমন্বয়ক জাহিদুল ইসলাম হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ঘটনার দিন দায়িত্ব পালন করা কক্ষ পরিদর্শক, ইএসডিএম বিভাগের অধ্যাপক ড. জয়ন্ত কুমার বাসাক বলেন, পরীক্ষা চলাকালে জাহিদুল ইসলাম হাসানের বেঞ্চের ওপর চাদর দেখে আমার সন্দেহ হয়। পরবর্তী সময়ে তাঁকে দাঁড় করাই এবং তল্লাশি করে তাঁর পকেটে একটি মোবাইল ফোন পাই। তবে তাঁকে মোবাইল ফোন দেখে লিখতে সরাসরি আমি দেখিনি। যেহেতু তাঁর কাছে মোবাইল ফোন পেয়েছি, তাই তাঁকে দুই মিনিটের মধ্যে হল থেকে বের হয়ে যেতে বলি।

পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর অভিযোগ করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জাহিদকে সরাসরি মোবাইল ফোন দেখে লিখতে না দেখায় তাঁর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ বিষয়ে ঘটনার দিন প্রধান পর্যবেক্ষকের দায়িত্বে থাকা এফটিএনএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মানসুরা মকবুল বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। এ বিষয়ে আমি অবগত নই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ডেপুটি কন্ট্রোলার মো. শফিকুল ইসলাম বলেন, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের লেখালেখি থেকে বিষয়টি জানতে পেরেছি। তবে লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। লিখিত অভিযোগ ছাড়া আমরা কোনো ব্যবস্থা নিতে পারব না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। লিখিত অভিযোগ ছাড়া আমরা কোনো ব্যবস্থা নিতে পারব না।

/কানিজ/শিহাব

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।