পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারসহ প্রশাসনের উর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেন সরকারের ইকোনোমিস্ট ও কিশোরগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুজ্জামান কাঁকন।
গত ২৪ নভেম্বর দুপুরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে ছিলেন সিলেটের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি এ আর এম আলিফ।
সাক্ষাৎকালে অতিথিরা সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে পবিপ্রবির রিসার্চ কোলাবারেশন স্থাপনের বিষয়ে আলোচনা করেন। এছাড়া সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও তারা মতবিনিময় করেন।
পরে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। তারা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত খালটি পুনঃখননের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। পাশাপাশি পবিপ্রবির উন্নয়নে তারা সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নেছার উদ্দিন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. রাহাত মাহমুদ।
/কানিজ/মুশতাক

