ইবি প্রতিনিধি:
স্বাধীনতাত্তোর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ১৯৭৯ সালের ২২ নভেম্বর ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্য় সাধন করে বিজ্ঞান, প্রযুক্তি, আইন, সামাজিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষার সম্মিলিত পদ্ধতিতে জ্ঞানচর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। নানা চড়াই-উৎরাই পেরিয়ে রবিবার ২২ নভেম্বর প্রতিষ্ঠার ৪৮ বছরে পা রাখছে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের প্রত্যাশা-প্রাপ্তি ও ভাবনাগুলো পাঠকদের কাছে তুলে ধরা হলো :
ইসলামী আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে ১৯৭৯ সালের ২২ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়—ইসলামী বিশ্ববিদ্যালয়। ঐতিহ্য, গৌরব ও অসম্পূর্ণতার মধ্য দিয়ে ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ করেছে আমাদের প্রিয় এই বিদ্যাপীঠ। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। একজন শিক্ষার্থী হিসেবে এই প্রতিষ্ঠান আমাকে দিয়েছে ভিন্ন চিন্তাধারা, ভিন্ন মতাদর্শ ও নেতৃত্বের শিক্ষা। আমাকে শিখিয়েছে দায়িত্ববোধ, সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি। এই ক্যাম্পাসই আমাকে গড়ে তুলেছে একজন গর্বিত ইবিয়ান হিসেবে। তবে গর্বিত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরতে চাই। ১৭৫ একরের এই ক্যাম্পাসে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর বসবাস। অথচ এখনো শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নিরাপত্তার শঙ্কা, যানবাহনের দুর্ব্যবস্থা ও আবাসনসংকট। এখানে জীবনযাত্রার মানও অত্যন্ত নিম্ন। পর্যাপ্ত আবাসনের অভাব, অপরিচ্ছন্ন আবাসনব্যবস্থা এবং বসবাসের অনুপযোগী পরিবেশ শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে। কিছু আবাসনের কাজ চলমান থাকলেও সেগুলোর অগ্রগতি অত্যন্ত ধীরগতির। প্রশাসনের কাছে আন্তরিক অনুরোধ থাকবে, শিক্ষার্থীদের আবাসনব্যবস্থার উন্নতি ঘটানো, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং মানসম্মত খাবারের ব্যবস্থা করা। পরিশেষে বলতে চাই, আমার বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক আমার অহংকার। আমার ক্যাম্পাস হয়ে উঠুক সবুজ-শ্যামল, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত। ৪৭ পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে আবারও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ইসলামী বিশ্ববিদ্যালয় তার ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রেখে এগিয়ে চলুক—এই কামনা ও দোয়া করি।
তৌফিক তাজ
শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান
আজ আমাদের প্রাণের বিদ্যাপীঠ, স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়—ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। গৌরব, ঐতিহ্য আর সংগ্রামের ৪৭টি বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পণের এই শুভক্ষণে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একজন শিক্ষার্থী হিসেবে যখন এই সবুজ চত্বরে প্রথম পা রেখেছিলাম, তখন বুকভরা অনেক স্বপ্ন আর প্রত্যাশা ছিল। প্রত্যাশা ছিল—এই ক্যাম্পাস শুধু আমাকে একটি সার্টিফিকেট দেবে না, বরং আমাকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। প্রত্যাশা ছিল মুক্তবুদ্ধির চর্চা, আধুনিক ও গবেষণাধর্মী শিক্ষাব্যবস্থা এবং একটি নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ ক্যাম্পাসের। আজ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালে প্রাপ্তির খাতাটা নেহাত ছোট মনে হয় না। এই বিশ্ববিদ্যালয় আমাকে দিয়েছে একঝাঁক মেধাবী ও প্রাণবন্ত বন্ধু- বান্ধবী , পিতৃ-মাতৃ তুল্য শিক্ষকদের স্নেহ আর জীবনকে নতুনভাবে দেখার দৃষ্টিভঙ্গি। ১৭৫ একরের এই শান্ত-সবুজ ক্যাম্পাস, প্রিয় ডায়না চত্বর, বটতলাও টিএসসিসির আড্ডা—সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয় আমাকে দিয়েছে আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ। একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। তবে প্রাপ্তির এই আনন্দের মাঝেও আমাদের কিছু প্রত্যাশা এখনো পূরণের অপেক্ষায়। ৪৮ বছরে পা রাখা এই বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের চাওয়া—এখানে আন্তর্জাতিক মানের গবেষণাগার ও আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়ুক। সেশনজটমুক্ত একটি গতিশীল শিক্ষাব্যবস্থা স্থায়ী রূপ পাক এবং আবাসন ও পরিবহন সংকটের স্থায়ী সমাধান হোক। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা পদ্ধতি আরো উন্নত হক। একজন চারুকলার শিক্ষার্থী হিসেবে একটা চাও আমাদের চিএকর্ম গুলো সবার মাজে তুলে ধরার জন্য একটা আর্ট গ্যালারি হক। আমরা চাই, আমাদের প্রিয় ইসলামী বিশ্ববিদ্যালয় জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াক।
পরিশেষে, আমাদের প্রিয় ক্যাম্পাস আরও প্রাণবন্ত হোক, জ্ঞান ও আলোর মশাল জ্বালিয়ে এগিয়ে যাক অনন্তকাল—৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই কামনাই করি।
তামান্না আহমেদ জিনিয়া
শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, চারুকলা
১৯৭৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় আজ গৌরব ও ঐতিহ্যের ৪৭ বছর অতিক্রম করছে। দীর্ঘ এই পথচলায় বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চশিক্ষার অঙ্গনে নিজস্ব স্বকীয়তা ও পরিচিতি গড়ে তুলেছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে আমার কাছে বিশ্ববিদ্যালয় মানে ছিল শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; বরং জ্ঞান অর্জন, মুক্তচিন্তার বিকাশ, স্বপ্ন বাস্তবায়ন এবং নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার এক অনন্য ক্ষেত্র। সেই প্রত্যাশা ও স্বপ্ন নিয়েই ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার পথচলা শুরু। বিশ্ববিদ্যালয়ে এসে পেয়েছি এক নতুন অভিজ্ঞতার জগৎ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের সঙ্গে পরিচিত হওয়া, বন্ধুত্ব গড়ে তোলা, সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং ভিন্ন ভিন্ন চিন্তা ও মতাদর্শের মানুষের সঙ্গে মেশার সুযোগ আমার দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করেছে। এখানে এসে উপলব্ধি করেছি, বিশ্ববিদ্যালয় কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের জায়গা নয়; বরং ব্যক্তিত্ব, চিন্তাশক্তি ও সামাজিক মূল্যবোধ বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পেরে আমি গর্বিত। তবে প্রাপ্তির পাশাপাশি কিছু অপূর্ণতাও চোখে পড়ে। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধার অভাব, অনেক বিভাগে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষকের সংকট এবং গবেষণার জন্য পর্যাপ্ত উপকরণ, অর্থায়ন ও আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এসব সীমাবদ্ধতা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ও একাডেমিক অগ্রগতিকে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত করে। আমার প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত আবাসন সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে প্রতিটি বিভাগে প্রয়োজনীয়সংখ্যক যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে গবেষণার পরিবেশ উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ, আধুনিক গবেষণাগার, প্রয়োজনীয় উপকরণ ও প্রযুক্তিনির্ভর সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সেবার মান উন্নয়ন, পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করাও জরুরি। পাশাপাশি পুরো ক্যাম্পাসকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নান্দনিক করে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক বিকাশের জন্য একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল দৃষ্টিনন্দন অবকাঠামো কিংবা প্রতিষ্ঠার বয়স দিয়ে পরিমাপ করা যায় না। বরং শিক্ষার গুণগত মান, গবেষণার পরিবেশ, শিক্ষার্থীবান্ধব সুযোগ-সুবিধা এবং দক্ষ ও মানবিক মানুষ তৈরির সক্ষমতাই একটি বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের প্রকৃত মাপকাঠি। তাই অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমি প্রত্যাশা করি, ইসলামী বিশ্ববিদ্যালয় তার দীর্ঘদিনের ঐতিহ্য, আদর্শ ও স্বকীয়তা বজায় রেখে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ে এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়টি একদিন আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। ৪৭ বছরের গৌরবময় পথচলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্জন যেমন আমাদের অনুপ্রাণিত করে, তেমনি এর সীমাবদ্ধতাগুলো আমাদের নতুন করে ভাবতে শেখায়। তাই প্রত্যাশা একটাই—আমাদের প্রিয় ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু ঐতিহ্য ও বয়সে নয়, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সামগ্রিক অর্জনেও হয়ে উঠুক দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।
জুবায়ের মাহমুদ
শিক্ষার্থী, প্রথম বর্ষ, ডেভেলপমেন্ট স্টাডিজ।
স্বাধীনতার পর প্রথম প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় জ্ঞান ও গবেষণা চর্চার এক ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। প্রতিষ্ঠার গৌরবময় পথচলাকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা, কার্যকর উদ্যোগ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ। শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরত্ব দিয়ে উন্নত আবাসন ও পরিবহব্যাবস্থা, মানসম্মত সাস্থসেবা এবং নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা এখন সময়ের দাবি। পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা, সৃজনশীল চিন্তার প্রসার এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে চাই সেশনজট মুক্ত, শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত একাডেমিক পরিবেশ নিশ্চিত হোক।মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন হোক এবং নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় থাকুক। ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত থাকুক।দীর্যঘজিবী হোক ইসলামী বিশ্ববিদ্যালয়।
নাফিস রাইয়ান
শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, ফার্মেসি।
/কানিজ/সৈকত

