পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুরআন খতম, দোয়া মাহফিল এবং অসহায় ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
২০ নভেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন গোলাম সারোয়ার হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের পবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি স্বার্থান্বেষী চক্র দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। তারা দেশ-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষতি করছে। আল্লাহতায়ালা যেন তাদের হেদায়েত করেন এবং সঠিক বুঝ দান করেন।”
অনুষ্ঠানে পবিপ্রবি ইউট্যাবের নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, প্রভোস্ট ও পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
/কানিজ/মুশতাক

