পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র্যালি, কেক কাটা, বৃক্ষরোপণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ‘উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’ স্লোগানকে সামনে রেখে বাঁধনের কেন্দ্রীয় পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাঁধন ইউনিট ও বরিশাল জোনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও বাঁধন পবিপ্রবি ইউনিটের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ। বাঁধন পবিপ্রবি ইউনিটের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈমুল হক দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিটের জোনাল প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াদ, কার্যকরী পরিষদের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের বাঁধনকর্মীরা।
কর্মসূচির শুরুতে আনন্দ র্যালি বের করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা পালন করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বহিস্থ ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।
উল্লেখ্য, বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন। দীর্ঘ ২৯ বছর ধরে স্বেচ্ছায় রক্তদান, রক্তদাতা তৈরি এবং বিভিন্ন মানবিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে কাজ করছে সংগঠনটি। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের সামাজিক আন্দোলন ছড়িয়ে দিতেও ভূমিকা রাখছে বাঁধন।
/কানিজ/মুশতাক

