ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খুলনা অঞ্চলের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে
বাংলাদেশ গণিত সমিতি ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ অলিম্পিয়াড উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
অনুষ্ঠানে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মোহিতের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান, গণিত বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক ড. মনিরুল আলম সরকার সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, একটি প্রযুক্তি-উন্নত, আধুনিক ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গণিতচর্চা এবং যৌক্তিক বিশ্লেষণের বিকল্প নেই। ডিজিটালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বর্তমান যুগে গণিতের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। গণিত কেবল একটি একাডেমিক বিষয় কিংবা ক্যালকুলাসের হাতিয়ার নয় বরং এটি সব বিজ্ঞানের মৌলিক ভাষা ও জনক। একটি উন্নত সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি গভীর ভালোবাসা তৈরি করা জরুরি।
তিনি আরও বলেন, খুলনা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ নিঃসন্দেহে আনন্দের। এ ধরনের আয়োজনকে শুধু বিজয় অর্জনের মাধ্যম হিসেবে না দেখে নিজেদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা যাচাই, চিন্তার পরিধি সম্প্রসারণ এবং মেধার বিকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে।
পরে বেলা ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
/কানিজ/সৈকত

