যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের নিজ কক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি রাকিব হাসান শিহাব বলেন, ফটোগ্রাফি শুধু ছবি তোলার মাধ্যম নয়, এটি সময়, স্মৃতি, অনুভূতি ও গল্পকে সংরক্ষণ করার একটি শক্তিশালী শিল্পমাধ্যম। আমাদের সংগঠনের দীর্ঘদিনের কার্যক্রম, অর্জন এবং সদস্যদের সৃজনশীল কাজগুলোকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার লক্ষ্য থেকেই এই ওয়েবসাইট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, এই প্ল্যাটফর্মটি শুধু সংগঠনের তথ্যভান্ডার হিসেবে সীমাবদ্ধ না থেকে বর্তমান ও ভবিষ্যৎ সদস্যদের সৃজনশীল কাজের একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ হিসেবে গড়ে উঠুক এবং নতুন প্রজন্মের আলোকচিত্রীদের অনুপ্রাণিত করুক।
তিনি আরও বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনের বিভিন্ন ফটোগ্রাফি প্রদর্শনী, প্রতিযোগিতা, কর্মশালা, ফটোওয়াকসহ নানা আয়োজনের তথ্য ও আলোকচিত্র সহজেই দেখা যাবে। পাশাপাশি সংগঠনের কার্যনির্বাহী কমিটি, অর্জন এবং সদস্য হওয়ার সুযোগ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
ওয়েবসাইট উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির কার্যক্রম ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহশিক্ষামূলক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফটোগ্রাফি শিক্ষার্থীদের সৃজনশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলার পাশাপাশি সমাজ, প্রকৃতি ও সময়কে ভিন্নভাবে দেখতে শেখায়। একটি ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনের কার্যক্রম, অর্জন ও সৃজনশীল কাজগুলো আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
/কানিজ/রাব্বীল

