etcnews
ঢাকাTuesday , 13 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সপ্তাহজুড়ে বন্ধ থাকবে রিয়াদ বিমানবন্দর, সৌদির ৪৬ শতাংশ ফ্লাইট বাতিল

etcnews
October 13, 2026 3:32 pm
Link Copied!

ইয়েমেনের ইরানপন্থী হুথিদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার মেয়াদ আগামী শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। হামলার কারণে সৌদি আরবের আকাশপথে উড়োজাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।বার্তা সংস্থা রয়টার্স বলছে, দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিলের হার ৪৬ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। এ তথ্য নিশ্চিত করেছেন উড়োজাহাজ চলাচলবিষয়ক বিশ্লেষক প্রতিষ্ঠান সিরিয়াম।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা ও পরিচালনাগত প্রস্তুতি নিশ্চিত করার প্রক্রিয়া সম্পন্ন করতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সোমবার দিনগত রাতে জারি করা নোটিশ টু এয়ারমেন অনুযায়ী, ১৭ অক্টোবর (গ্রিনিচ মান সময়) রাত ৯টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।হামলার দায় স্বীকার করে হুথিরা জানায়, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদ বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ আগে সৌদি আরব জানিয়েছিল, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার পথে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। হুথিরা আরও দাবি করেছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত এলাকায় একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

এর আগে গত শনিবারের হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। রবিবার আরেকটি হামলায় একজন নিহত এবং প্রায় এক ডজন মানুষ আহত হন।
বিমান চলাচলের নিরাপত্তাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান অপসগ্রুপের প্রতিষ্ঠাতা মার্ক জি রয়টার্সকে বলেন, বেসামরিক বিমান চলাচলে এ মাত্রার ধারাবাহিক ও তীব্র হামলা নজিরবিহীন। বর্তমান ঝুঁকির পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।অন্যদিকে ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সোমবার উড়োজাহাজগুলো রিয়াদের আকাশ এড়িয়ে চলেছে। তবে সৌদি আরবের আকাশসীমা দিয়ে উড়োজাহাজ চলাচল অব্যাহত ছিল এবং দেশটির পশ্চিম উপকূলের প্রধান বিমান চলাচলকেন্দ্র জেদ্দায় ফ্লাইট অবতরণ করেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।