দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ধোঁয়াশা মোকাবিলায় আগামী মাসে আলোচনা করবেন আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার ফিলিপাইন এ তথ্য জানিয়েছে। নভেম্বরে আসিয়ান শীর্ষ সম্মেলনের আগে প্রস্তুতিমূলক বৈঠকে বিষয়টি আলোচনার জন্য তোলা হবে।ইন্দোনেশিয়ায় কয়েক মাস ধরে চলা বন ও ভূমির আগুনের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ঘন ধোঁয়াশা ছড়িয়ে পড়েছে। বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোয় গত সপ্তাহে মালয়েশিয়ার কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ রাখতে হয়।সুমাত্রা ও বোর্নিও দ্বীপে আগুনের তীব্রতা সবচেয়ে বেশি। গত ১১ বছরের মধ্যে এবারই ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে।
ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডমিনিক জেভিয়ার ইম্পেরিয়াল বলেন, আগামী মাসের প্রস্তুতিমূলক বৈঠকের আলোচ্যসূচিতে ধোঁয়াশার বিষয়টি রয়েছে।মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান সোমবার বলেন, আসিয়ানের কাছে বিষয়টি উত্থাপন করবেন তিনি। তার মতে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জোটটির বিদ্যমান ব্যবস্থায় আন্তসীমান্ত ধোঁয়াশার বিষয়টি অন্তর্ভুক্ত নেই।
আগুন নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়াকে আগেও সহায়তার প্রস্তাব দিয়েছিল মালয়েশিয়া। তবে কম দৃশ্যমানতা, দুর্গম এলাকা এবং কৃত্রিম বৃষ্টির উপযোগী পরিবেশ না থাকায় অনেক জায়গায় আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র: রয়টার্স

