ডিআইইউ প্রতিনিধি:
রাজধানীর ভাটারায় একটি ভবনের দোতলা থেকে নিচে পড়ে ফুয়াদ নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ১১৪ ব্যাচের শিক্ষার্থী।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ভাটারার সাঈদনগর বড় মসজিদ-সংলগ্ন একটি সাততলা ভবনের দোতলা থেকে নিচে পড়ে যান নাঈম। পরে সহপাঠীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ফুয়াদের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ১১৪ ব্যাচের শিক্ষার্থী। তাঁরা ভাটারার সাঈদনগরে একটি সাততলা ভবনের দোতলায় মেস ভাড়া করে থাকতেন। সকালে স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে ফুয়াদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
দ্রুত তাঁকে ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি নিচে পড়ে গেছেন, তা জানাতে পারেননি সাদমান।
তিনি আরও জানান, ফুয়াদ নাঈমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ফুয়াদ নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা-পুলিশ তদন্ত করছে।
/কানিজ/ঋতু

