ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস ক্লাব ও সম্ভব জবসের যৌথ উদ্যোগে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা, দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনের প্রস্তুতি নিয়ে দিনব্যাপী একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ইউনিসেফের প্রতিনিধিরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি ও ভবিষ্যৎ সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় তাঁরা ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন বুশরা ফেরদৌসী ম্যাম, বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক সোহাগ দত্ত স্যার, সভাপতি শেখ শোয়েব, সহ-সভাপতি জহুরুল ইসলামসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়া ইউনিসেফের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং ভবিষ্যতে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ডিআইইউ বিজনেস ক্লাবের সভাপতি শেখ শোয়েব বলেন, “এ আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ সুযোগ সম্পর্কে সচেতন করা। সম্ভব জবস ও ইউনিসেফের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত হতে সহায়তা করবে। ডিআইইউ বিজনেস ক্লাব ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন অর্থবহ উদ্যোগ নিয়ে কাজ করতে চায়।”
শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা ও কর্মজীবনের প্রস্তুতি জোরদারে আয়োজিত এ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছে ডিআইইউ বিজনেস ক্লাব। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর সুযোগ তৈরিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

