etcnews
ঢাকাFriday , 7 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

হলের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ: প্রভোস্টের কক্ষের সামনে ভাঙা কাচ রেখে শিক্ষার্থীদের প্রতিবাদ

etcnews
August 7, 2026 8:01 pm
Link Copied!

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জাবি:

দীর্ঘদিন ধরে বারংবার জানানো সত্ত্বেও হলের বিভিন্ন নাগরিক ও নিরাপত্তা সমস্যার সমাধান না হওয়ায় অভিনব ও ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) হলের জমে থাকা অব্যবস্থাপনার প্রতিবাদে পঞ্চম তলা থেকে বিপজ্জনক ভাঙা কাচ নামিয়ে প্রভোস্টের কক্ষের সামনে এনে রাখেন আবাসিক শিক্ষার্থীরা।

হল সূত্রে জানা যায়, হলের পঞ্চম তলায় লিফটের সামনে প্রায় দুই মাস ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় কাচের টুকরা পড়ে ছিল। একাধিকবার হল প্রশাসন ও হল সংসদকে বিষয়টি জানানো হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া হলের ওয়াশরুমের ট্যাপ নষ্ট থাকা, ফ্লাশ নিষ্ক্রিয় থাকা এবং ওপর থেকে পানি পড়ার মতো স্বাস্থ্যঝুঁকিপূর্ণ সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে।

বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী ও হলের আবাসিক ছাত্র সোহেল রানা প্রশাসনের এহেন নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে বলেন:

“দুই মাস ধরে লিফটের সামনে কাচের টুকরা পড়ে থাকায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারতো। প্রভোস্ট স্যার ও দায়িত্বশীলদের ৩-৪ বার জানানোর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে আজ কাচগুলো এনে স্যারের রুমের সামনে রাখা হয়েছে। ওয়াশরুমের সমস্যার কথা জানালে স্যার কেবল আশ্বাসই দেন, কাজের কাজ কিছুই হয় না। একটি আবাসিক হলে এমন অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়।”

শিক্ষার্থীদের অভিযোগ, হলের এসব মৌলিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও হল প্রশাসন উদাসীন ভূমিকা পালন করে আসছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হওয়ার পর, শিক্ষার্থীরা দ্রুত এসব সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধান নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।