রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৭১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ২ জন ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হলো।
এদিকে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৪ হাজার ১০৪ জনের হাম শনাক্ত হয়েছে।গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৪ হাজার ২৭৫ জন ছাড়পত্র পেয়েছেন।

