বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বব্যাপী শতকোটি মানুষের আবেগ ও উচ্ছ্বাস। বুধবার রাতে (১৫ জুলাই) পরাক্রমশালী ইংল্যান্ডকে বিধ্বস্ত করে আর্জেন্টিনার ফাইনালে পৌঁছে যাওয়ায় শোবিজ অঙ্গনে বইছে খুশির বন্যা। আর্জেন্টিনার এই জয়ে উন্মাদনায় মেতেছেন পরীমণি, চঞ্চল, নাদিয়া, পূর্ণিমা, ইরফান সাজ্জাদসহ মেসি-ভক্তরা। পুরো খেলায় মহাতারকা লিওনেল মেসির অভাবনীয় পারফরম্যান্সে মুগ্ধ করা জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।অন্য সবার মতো নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আবারও প্রিয় দলের দুর্দান্ত জয়ে অভিভূত দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা। ফেসবুকে রসিকতার ছলে হ্যারি কেনের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ওগো তুমি ওঠো, একটা গোল-টোল দাও! কমিটি-টমিটি নিয়ে ঐসব আপঝাপ কথা বলে পাড়ার মানুষকে আর কত বুঝ দেবো বলো?’ রসিকতা করেই বাংলা সিনেমার একটি দৃশ্য দিয়ে তৈরি মিম শেয়ার করেছেন তিনি। একই সঙ্গে চঞ্চল লেখেন, ‘বিজয় উদযাপন পরে করো; যারা পরাজিত, তাদেরকে আগে সান্ত্বনা দাও।’
আর্জেন্টিনার অন্ধভক্ত নায়িকা পূর্ণিমা সামাজিকমাধ্যমে লেখেন, ‘চ্যাম্পিয়নদের পাশে আছি। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে। শেষ আরেকটি লড়াইয়ের অপেক্ষা।’
মেসিদের নিয়ে বরাবর সরব চিত্রনায়িকা পরীমণির পোস্ট আলাদাভাবে নজর কেড়েছে। ম্যাচ শুরুর আগের ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আরেকটা বিয়ে করার’ ঘোষণা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে ওঠে। ম্যাচ শেষে ইংল্যান্ড তারকা খেলোয়াড় হ্যারি কেনের ছবি পোস্ট করে পরী লেখেন, ‘হ্যারি কেন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’এদিকে প্রিয় দলের খেলা গ্যালারিতে বসেই উপভোগ করছেন চিত্রনায়িকা নাদিয়া। সেমির জয়ে এক পোস্টে তিনি বলেন, ‘কোনো তাবিজ, কুফা লাগানোর চেষ্টায় কাজ হবে না। ফার্স্ট হাফে বদ নজরে আর্জেন্টিনা একটু কাবু হয়ে মারামারিতে অংশ নিলেও সেকেন্ড হাফে সব বদ নজর চাপিয়ে খেলায় ব্যাক করে ভালো খেলে। দুইটা দুর্দান্ত গোল ৬ মিনিট ৩৭ সেকেন্ডের মধ্যে। উই আর ইন দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ফাইনাল। ভামোস আর্জেন্টিনা!’বাদ যাননি মডেল-অভিনেতা ইরফান সাজ্জাদও। জয়ের পর তিনি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে ব্রাজিল সমর্থকদের যেমন খোঁচা দিয়েছেন, তেমনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিজের প্রিয় দলের জয়। ভিডিওর ক্যাপশনে ইরফান লিখেছেন, ‘তোমরা সবাই আবার ব্যাগ গোছাও, স্পেন যাওয়া লাগবে! আমরা আর্জেন্টিনাতেই আছি!’

