চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। দুজনই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছেন, যেখানে কেয়া পায়েলকে আলিঙ্গন করে রয়েছেন শুভ। ছবির ক্যাপশনে লেখা, হ্যাপিলি ম্যারিড উইথ কেয়া পায়েল।এমন পোস্ট প্রকাশের পর অনেকেই ধারণা করেন, সত্যিই হয়তো বিয়ে করেছেন এই দুই তারকা। বিশেষ করে আরিফিন শুভর ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর এমন জল্পনা আরও জোরালো হয়। তবে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বাস্তবে তাদের বিয়ে হয়নি।জানা গেছে, এটি নতুন একটি ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। ‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামের ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। এটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম এবং প্রযোজনা করছে ছবিয়াল। ইতোমধ্যে এর শুটিং শুরু হয়েছে।
তবে এমন প্রচারণার ধরন নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিত হচ্ছে ‘হ্যাপিলি ম্যারিড’। অসম সম্পর্কের গল্প নিয়ে তৈরি হওয়া এই ওয়েব ফিল্মটি মোস্তফা সরয়ার ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অন্তর্ভুক্ত। গল্পে সম্পর্কের টানাপোড়েন ও আবেগের নানা দিক উঠে আসবে।
এর আগে চরকির উদ্যোগে ২০২৩ সালে শুরু হয় ‘মিনিস্ট্রি অব লাভ’ বা ‘ভালোবাসার মন্ত্রণালয়’ প্রকল্প। এ উদ্যোগে ১২ জন নির্মাতার ১২টি প্রেমের গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে মুক্তি পেয়েছে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এবং ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’।

