etcnews
ঢাকাTuesday , 14 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

etcnews
July 14, 2026 4:44 pm
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়ার অন্যতম চালিকাশক্তি। তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মঙ্গলবার (১৪ জুলাই) তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা সূচনা বক্তব্য এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাগত বক্তব্য দেন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুক্ত আলোচনা এবং নির্বাচিত উদ্যোক্তাদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। সেশনটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ এবং উদ্যোক্তা উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, উদ্যোক্তা হওয়ার পথ সহজ নয়; সফল হতে হলে নানা প্রতিকূলতা, ব্যর্থতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তবে দৃঢ় ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে সাফল্য অর্জন সম্ভব।

নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে তিনি নানা ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন, অপমান এবং প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। ধৈর্য ও সংগ্রামের মধ্য দিয়েই তিনি বর্তমান অবস্থানে পৌঁছেছেন। তাই নতুন উদ্যোক্তাদেরও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে সর্বোচ্চ চেষ্টা করবে। দেশের বিভিন্ন প্রান্তের শিশু-কিশোর ও তরুণদের উদ্ভাবনী সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের মেধা ও সৃজনশীলতা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার জন্ম দিয়েছে।

তিনি আরও বলেন, ‘আজ যে পরিবর্তনের জন্য আমরা কাজ করছি, আগামী দিনে সেই দায়িত্ব গ্রহণের মতো দক্ষ ও যোগ্য তরুণ প্রজন্ম বাংলাদেশে তৈরি হচ্ছে। এটাই আমাদের সবচেয়ে বড় আশার জায়গা।’

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়; বরং তরুণদের স্বপ্ন, উদ্ভাবনী চিন্তা ও সম্ভাবনা নিয়ে একটি উন্মুক্ত সংলাপের প্ল্যাটফর্ম। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ সৃষ্টির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের চাকরিপ্রত্যাশী হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের আহ্বান জানিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ভাষা প্রযুক্তি ও তথ্যনির্ভর শাসনব্যবস্থার যুগে নতুন দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

উপাচার্য বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মেন্টরিং, প্রশিক্ষণ, প্রোটোটাইপ উন্নয়ন, ইনকিউবেশন ও বিনিয়োগ সংযোগের সমন্বিত উদ্যোগ তরুণদের উদ্ভাবনী ধারণাকে সফল ব্যবসায়িক উদ্যোগে রূপ দিতে সহায়ক হবে।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এ আয়োজন। তিনি জানান, তরুণ উদ্যোক্তাদের সহায়তায় সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে, যা দেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্টার্টআপ সংস্কৃতি, ডিজিটাল উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনকে জাতীয় অগ্রাধিকারে নিয়ে আসা হয়েছে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান অতিথিদের সঙ্গে নিয়ে সিনেট ভবনে আয়োজিত স্টার্টআপ প্রদর্শনী পরিদর্শন করেন। প্রদর্শনীটি আগামী ১৫ জুলাই বিকেল ৪টা পর্যন্ত চলবে।

তরুণ ও নারী উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত রূপান্তরের সঙ্গে যুক্ত করতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে। অনুষ্ঠানে দেশের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।