ন্যাটো সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে একটি ব্যক্তিগতকৃত রিভলভার ও তাজা গুলি উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিভলভারটির গায়ে স্টারমারের নাম খোদাই করা ছিল। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া প্রতিটি দেশের নেতাকেই একই ধরনের স্মারক উপহার দেওয়া হয়েছে।
তবে যুক্তরাজ্যের কঠোর অস্ত্র আইন অনুযায়ী কার্যক্ষম আগ্নেয়াস্ত্র দেশে আনা বৈধ নয়। তাই স্টারমারের উপহার হিসেবে পাওয়া রিভলভারটি যুক্তরাজ্যে নেওয়া হয়নি এবং এটি বর্তমানে তুরস্কে ব্রিটিশ কর্মকর্তাদের হেফাজতে রয়েছে।
জানা গেছে, অস্ত্রটি যুক্তরাজ্যে পাঠানোর আগে এটি নিষ্ক্রিয় (ডিকমিশন) করা হবে, যাতে সেটি আর গুলি ছোড়ার সক্ষমতায় না থাকে। এ উপহার রপ্তানির ক্ষেত্রে প্রেসিডেন্ট এরদোয়ান বিশেষ অনুমতি দিলেও যুক্তরাজ্যের আইন মেনে সেটি আপাতত তুরস্কেই রাখা হয়েছে।এদিকে সম্মেলনে স্টারমার ও এরদোয়ান দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদারে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।
সম্মেলন শেষে স্টারমার বলেন, এটি একটি সফল সম্মেলন ছিল। আমরা যে ঐক্য অর্জন করতে চেয়েছিলাম, তা অর্জন করেছি। ইউক্রেন ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এটি স্যার কিয়ার স্টারমারের শেষ বড় আন্তর্জাতিক সম্মেলন হিসেবে বিবেচিত হচ্ছে।

