ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের জেলা কমিটির এক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি হলেন- জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু।মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজ বাড়ির নিচতলায় অবস্থিত দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রস্তুতি নিচ্ছিলেন মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং কর্মসূচিতে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে উপস্থিত নেতাকর্মী, স্বজন ও এলাকাবাসী তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
তবে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন।
তিনি বলেন, ‘পুলিশের উপস্থিতির খবর পেয়ে মোস্তাফিজুর রহমান বিজু ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পালানোর সময় তার একটি মোবাইল ফোন পড়ে যায়। মোবাইলটি আমাদের হেফাজতে রয়েছে। পরিবারের কেউ এলে তা বুঝিয়ে দেওয়া হবে।’
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

