জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষার্থী সংগঠন ফোরাম অব এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস (FEB-JU) ২০২৬-২৭ সেশনের জন্য তাদের ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। গত ১৯ জুন ২০২৬ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির ৯ম কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, যারা নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: নাহিদ-উজ-জামান রাতুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন আহনাফ মালিহা। তারা উভয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সাঈদা।
এ ছাড়া সহ-সভাপতি (অভ্যন্তরীণ বিষয়ক) হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিন আলম শাহলা এবং সহ-সভাপতি (বহিঃবিষয়ক) হয়েছেন ফারহান মুকসিত (স্নিগ্ধ)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমান উল্লাহ, নিলাঞ্জন দাস ও কামরুল হক এলমি।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো: নাহিদ-উজ-জামান রাতুল বলেন, “FEB-JU সবসময় প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে গিয়ে শিক্ষার্থীদের দক্ষতা ও ব্যক্তিগত উন্নয়নে কাজ করে এসেছে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের জন্য আরও বেশি শেখার, নেতৃত্ব বিকাশের এবং নিজেদের সক্ষমতা গড়ে তোলার সুযোগ তৈরি করতে চাই। এছাড়াও বিভিন্ন ফলপ্রসূ কার্যক্রমের মাধ্যমে সদস্যদের জন্য নতুন অভিজ্ঞতা ও সুযোগ সৃষ্টি করার চেষ্টা থাকবে।”
উল্লেখ্য, ফোরাম অব এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস (FEB-JU) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও ব্যবসায়মনস্ক শিক্ষার্থীদের জন্য গঠিত একটি সংগঠন। উদ্যোক্তা মানসিকতা, নেতৃত্বগুণ, উদ্ভাবনী চিন্তা ও পেশাগত দক্ষতা বিকাশের লক্ষ্যে সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন সেমিনার, প্রতিযোগিতা, ইন্ডাস্ট্রি ভিজিট এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও উপদেষ্টারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে FEB-JU আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনা করবে এবং বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

