ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) প্রথমবারের মতো ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০: ইন্টার্নশিপ প্রিপারেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স শেয়ারিং সেশন’। শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের বিসিইএল ভবনে ডিআইইউ বিজনেস ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রস্তুতি ও বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে দিকনির্দেশনা দিতে এই সেশনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী, সদ্য স্নাতক সম্পন্নকারী এবং ইন্টার্নশিপ প্রত্যাশীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দারাজ-আলীবাবা গ্রুপের মানবসম্পদ বিভাগের সিস্টেম লিড ফাহাম কবীর। এছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের সাবেক শিক্ষার্থী ও সিটি ব্যাংকের কর্মকর্তা সাকিব হোসেন।
সেশনে ইন্টার্নশিপের সুযোগ খুঁজে পাওয়ার কৌশল, কার্যকর সিভি ও আবেদনপত্র তৈরির পদ্ধতি এবং ইন্টার্নশিপ খোঁজার সময় শিক্ষার্থীরা যেসব সাধারণ ভুল করে থাকেন, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অভিজ্ঞ ইন্টার্নদের অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর জানার সুযোগ পান।
আয়োজন প্রসঙ্গে ডিআইইউ বিজনেস ক্লাবের সভাপতি শেখ শোয়েব বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্পোরেট জগৎ সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে বলে আমরা আশা করি।”
অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল শম্ভব। মিডিয়া পার্টনার হিসেবে ছিল রাইজিংবিডি ডটকম এবং পাবলিসিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।

