যবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তরুণ শিক্ষার্থীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ট্রেইনিং” শীর্ষক এক বিশেষ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাঁচদিন ব্যাপী এই কর্মশালায় যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের চার বিভাগের ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান।
আজ শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯ টায় স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারীতে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ট্রেইনিং ইন্সটিটিউটের আয়োজনে এবং যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় পাঁচদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান বলেন, শিক্ষার্থীরা চাকরি করবে না, চাকরি দিবে এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের মিশন ও ভিশন। এজন্য আমাদের শিক্ষার্থীদের ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরণের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। উদ্যোক্তা হতে ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে যে মানসিকতা প্রয়োজন এগুলো শিক্ষার্থীরা এসব প্রশিক্ষণ থেকে শিখবে বলে আমি মনে করি।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেনের সভাপত্বিতে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. ফাতেমা সুলতানা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস, “এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট ট্রেইনিং” এর কোর্স ডিরেক্টর মো. তানজীম হোসেনসহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষণের কোর্স ডিরেক্টর মিফতাহুল জান্নাত রিপা।

