পবিপ্রবি প্রতিনিধি :
দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন র্যাংকিংয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অবস্থান উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো ১৩ সদস্যবিশিষ্ট ‘ইউনিভার্সিটি র্যাংকিং কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড.মো: আতিকুর রহমানকে কমিটির আহ্বায়ক এবং রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (আরটিসি) পরিচালক প্রফেসর ড. খোকন হোসেনকে সদস্য-সচিব করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিচালক (আইকিউএসি), পরিচালক (ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স) এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।
অফিস আদেশে বলা হয়েছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করা, গবেষণার মান বৃদ্ধি করা এবং দেশীয় ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিটি কাজ করবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও প্রতিযোগিতামূলক ও মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কমিটিকে প্রয়োজনীয় সুপারিশ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই। সে লক্ষ্য অর্জনের প্রথম ধাপ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিং উন্নয়ন। এ ক্ষেত্রে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ ও স্টুডেন্ট এক্সচেঞ্জ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে, একইভাবে বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীরাও পবিপ্রবিতে এসে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এ উদ্দেশ্যে বিশ্বের উচ্চ র্যাংকিংধারী বিশ্ববিদ্যালয় গুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে আরও আধুনিক ও তথ্যসমৃদ্ধ করা, সময়োপযোগী নতুন বিভাগ ও অনুষদ চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং আন্তর্জাতিকীকরণের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নেও এ কমিটি কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, আইকিউএসি পরিচালক, আইসিটি সেলের পরিচালক এবং আন্তর্জাতিক শিক্ষার্থী কল্যাণবিষয়ক পরিচালক এ কার্যক্রমকে এগিয়ে নেবেন। আমাদের মূল লক্ষ্য হলো পবিপ্রবিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিণত করা এবং সে লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।”
/কানিজ/মুশতাক

