etcnews
ঢাকাFriday , 19 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

etcnews
June 19, 2026 6:17 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

প্রাক্তন শিক্ষার্থীদের মিলন, বন্ধন ও সম্মিলিত অগ্রযাত্রার প্রত্যয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের অ্যালামনাইদের উদ্যোগের বাস্তব প্রতিফলন হিসেবে গঠিত হয়েছে “অ্যালামনাই অ্যাসোসিয়েশন, পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস”-এর ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি।

শুক্রবার (১৯ জুন) ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্টগ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক খোন্দকার জাহাঙ্গীর আলম ও ওসেনোগ্রাফি অনুষদের ডিন এ. বি. এম. সাইফুল আলমসহ এএনএসভিএম অনুষদের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের আহ্বায়ক ড. মো. আব্দুস সাত্তার বাগ।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করা, পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুস সাত্তার বেগ-কে আহ্বায়ক এবং ডা. এ টি এম ফয়েজ খান রাকিব-কে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন ডা. মো. গোলাম মোর্শেদ ও ডা. মো. রফিকুল ইসলাম ভুঁইয়া।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন ডা . মো. অলক সরকার, ডা. মো. কামরুল হাসান সৈকত, ডা. মো. তাজাম্মুল হক, ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. মো. মাহবুবুর রহমান, ডা. মো. রাকিবুর রহমান রনি, ডা. মো. রবিউল ইসলাম, ডা. মো. সাকিব রেজওয়ান এবং ডা. মো. হামায়ুন কবির।

নবগঠিত অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব ডা. এ. টি. এম. ফয়েজ খান রাকিব বক্তব্যে বলেন, “বহু প্রতীক্ষিত আজকের এই অ্যালামনাই সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নকে ত্বরান্বিত করতে কাজ করে যাবে। পাশাপাশি আমাদের অ্যালামনাই এসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে শিক্ষার্থীদের পেশাগত জায়গায় সমন্বয়ের ভূমিকা রাখার চেষ্টা করবে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের এসব বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে এগিয়ে আসার আহ্বান জানাই। এটি কেবলমাত্র একটি সংগঠনই নয়, পারস্পরিক সম্পর্ককে দৃঢ়ভাবে ধরে রাখার একটি মাধ্যম।”

নবগঠিত অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. আব্দুস সাত্তার উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, “সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলাফল হলো আমাদের আজকের এই এসোসিয়েশন। আমাদের উদ্দেশ্যই হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার একটি সেতুবন্ধন তৈরি করা। যে পথ আজ সৃষ্টি হলো সেটা যেন মসৃণ হয়, তার প্রয়াসে সবার মানসিকতা এক হতে হবে। আমাদের ভ্রাতৃপ্রতিম সকল অর্গানাইজেশনের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু করার প্রয়াস থাকবে।”

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তার শুধু শিক্ষক ও কর্মকর্তারাই যথেষ্ট নয়, বরং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাই মুখ্য ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের সুসংগঠিত অ্যালামনাই এসোসিয়েশনই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমঞ্চে নিয়ে যায়। আজকের নবগঠিত কমিটির সকলের ওপর নতুন দায়িত্ব হলো, কীভাবে দল-মতের ঊর্ধ্বে থেকে আপনারা সব সময় একত্রিত থাকবেন।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসের অবকাঠামোগত পরিকল্পনা সম্পর্কে উপাচার্য বলেন, “বরিশাল ক্যাম্পাসে অবকাঠামোগত বিকাশ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। ইতোমধ্যে বরিশাল ক্যাম্পাসের জন্য একটি হল ও একাডেমিক বিল্ডিংয়ের বাজেট ডিপিপিতে পাস হয়েছে। এগুলো সম্পন্ন হলে বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে। আপনারা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো যে উদ্যোগ নেবেন, আমি সবসময় সঙ্গে থাকব।”

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।