etcnews
ঢাকাSaturday , 13 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবির সিআইএএল ল্যাবের আন্তর্জাতিক সাফল্য, বাংলাদেশের মধ্যে প্রথম স্থান

etcnews
June 13, 2026 10:22 pm
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি:

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ গবেষণা প্রতিযোগিতা ‘ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অব ফাংশন অ্যানোটেশন’ (সিএএফএ)-এর ষষ্ঠ আসরে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার ইন্টেলিজেন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ল্যাব (সিআইএএল)। প্রতিযোগিতায় বিশ্বব্যাপী অংশগ্রহণকারী ২,২৫৯টি দলের মধ্যে সিআইএএল ৫৫তম স্থান অর্জন করে রৌপ্য পদক লাভ করেছে।

যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসইউ) আয়োজিত এ প্রতিযোগিতার ফলাফল বুধবার (১০ জুন) রাতে প্রকাশ করা হয়। ২০২৫ সালের ১৫ অক্টোবর শুরু হওয়া এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক, ডেটা বিশ্লেষক ও জীববিজ্ঞানীদের মোট ২,৫৩৮ জন প্রতিযোগী অংশ নেন।

যবিপ্রবির সিআইএএল ল্যাবের পক্ষে প্রতিযোগিতায় নেতৃত্ব দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম। তাঁর তত্ত্বাবধানে দলের সদস্য হিসেবে কাজ করেন সিএসই বিভাগের শিক্ষার্থী নয়ন মালাকার।

প্রতিযোগিতাটির মূল লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে শুধুমাত্র প্রোটিনের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স বিশ্লেষণ করে তার কার্যকারিতা বা ফাংশন নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া। সাধারণত পরীক্ষাগারে প্রোটিনের কার্যকারিতা নির্ণয় একটি দীর্ঘ, ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া। এ কারণে গবেষকরা এমন উন্নত এআই মডেল তৈরির চেষ্টা করছেন, যা দ্রুত ও নির্ভুলভাবে প্রোটিনের ভূমিকা শনাক্ত করতে সক্ষম হবে এবং চিকিৎসা ও জীববিজ্ঞান গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এ সাফল্য প্রসঙ্গে ড. মো. কামরুল ইসলাম বলেন, সিএএফএ বিশ্বব্যাপী অত্যন্ত পরিচিত ও প্রতিযোগিতামূলক একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রোটিনের কার্যকারিতা নির্ভুলভাবে অনুমানের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের কম্পিউটেশনাল বায়োলজিস্ট এবং বায়োইনফরমেটিশিয়ানরা অংশগ্রহণ করেন। যবিপ্রবিকে আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে তুলে ধরার লক্ষ্য থেকেই আমরা এ প্রতিযোগিতায় অংশ নিই। নয়ন মালাকারের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফলে ২,২৫৯টি দলের মধ্যে ৫৫তম স্থান অর্জন করে আমরা রৌপ্য পদক লাভ করেছি। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দুটি দলের মধ্যে একমাত্র আমাদের দলই পদক অর্জন করেছে। এটি সিএসই বিভাগ ও যবিপ্রবি পরিবারের জন্য অত্যন্ত গৌরবের। ভবিষ্যতেও আমরা এ ধরনের বৈশ্বিক গবেষণা প্রতিযোগিতায় অংশগ্রহণ অব্যাহত রাখব।

দলের সদস্য নয়ন মালাকার বলেন, বায়োইনফরমেটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জটিল প্রোটিনের কার্যকারিতা নির্ভুলভাবে অনুমান করার এ চ্যালেঞ্জটি আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল। মাত্র চার মাসের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে মডেলের কার্যকারিতা উন্নত করতে হয়েছে। বিশ্বের শীর্ষ গবেষকদের মডেলের সঙ্গে প্রতিযোগিতা করে ভালো ফলাফল অর্জন করার অভিজ্ঞতা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের গবেষণাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সিএএফএ (CAFA) কর্মসূচি ২০১১ সাল থেকে প্রতি তিন বছর পরপর আয়োজন করা হচ্ছে এবং এটি প্রোটিন ফাংশন পূর্বাভাস বিষয়ক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মূল্যায়ন প্রতিযোগিতা হিসেবে বিবেচিত।

/কানিজ/রাব্বীল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।