etcnews
ঢাকাSaturday , 13 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

etcnews
June 13, 2026 9:18 pm
Link Copied!

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ (জেএমসি) বিভাগের সামার-২০২৬ সেশনের (ব্যাচ-২৬০ কে) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগীয় প্রধান ড. হাবীব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম শহীদুল্লাহ। ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য দেন দৈনিক খবরের কাগজ–এর বার্তা সম্পাদক রোকেয়া রহমান।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাংবাদিকতার কর্মপদ্ধতিতে নতুন মাত্রা যোগ করেছে। তথ্য বিশ্লেষণ, তথ্য যাচাই, অডিও-ভিডিও কনটেন্ট তৈরি এবং স্বয়ংক্রিয় প্রতিবেদন তৈরিতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রযুক্তির ব্যবহার যতই বাড়ুক, সাংবাদিকতায় নৈতিকতা, সত্যতা ও মানবিক মূল্যবোধের বিকল্প নেই।

তিনি আরও বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞান অর্জন করলেই চলবে না; সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় টুলস ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি একজন দায়িত্বশীল ও সৎ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের প্রভাষক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ বায়েজীদ খান, প্রভাষক জান্নাতুল ফেরদৌস মীম এবং নাজমুন্নাহার উর্মি।

এ সময় জেএমসি ল্যাব কো-অর্ডিনেটর কাজী মাহাদী মুনতাসির বিভাগের কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জুবায়ের আহমেদ এবং জেএমসি মিডিয়া ক্লাবের সভাপতি ও মেন্টর ইমু আক্তার মিম।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভাগের ২৬১ ব্যাচের শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন। পুরো আয়োজন সঞ্চালনা করেন ফাইয়াজ সরকার ও নাজিফা তাবাস্সুম তাজ। পরে কেক কাটা ও গ্রুপ ফটোসেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।