ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সেস (ফাস্ট-এনইউসিইএস)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তিকে আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ডিআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং ফাস্ট-এনইউসিইএসের ইন্টারন্যাশনাল এডুকেশন অফিসের প্রধান ওয়াকার বাইগ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ওয়াকার বাইগ তার বিশ্ববিদ্যালয়ের রেক্টরের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম, গ্রীষ্মকালীন ও শীতকালীন একাডেমিক প্রোগ্রাম, ইন্টার্নশিপের সুযোগ, বৃত্তি প্রদান এবং লাইব্রেরি সম্পদ, জার্নাল ও ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম শেয়ারিংয়ের মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
ডিআইইউ কর্তৃপক্ষ জানিয়েছে, এই অংশীদারিত্বের লক্ষ্য হলো শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য আরও বিস্তৃত একাডেমিক সুযোগ তৈরি করা। এর মাধ্যমে শিক্ষাগত উৎকর্ষ, গবেষণায় উদ্ভাবন, আন্তর্জাতিক সংযোগ এবং সাংস্কৃতিক বোঝাপড়া আরও শক্তিশালী হবে।
বিশ্ববিদ্যালয়টি আশা করছে, এই দীর্ঘমেয়াদি সহযোগিতা উভয় প্রতিষ্ঠানের উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক শিক্ষা সহযোগিতা সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
/কানিজ/ঋতু

