etcnews
ঢাকাWednesday , 11 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এবার সাময়িক বরখাস্ত নারী কর্মকর্তা

etcnews
November 11, 2026 6:58 pm
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে ঢাবি প্রশাসন। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়। কয়েক দিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের পাশাপাশি কলাভবনসংলগ্ন এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকার চালক আহত হন। ক্ষতিগ্রস্ত হয় তার ব্যবহৃত গাড়িটিও।

এছাড়া এর আগে টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ফটকে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। ধারাবাহিক এসব ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।এদিকে, গত ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।