etcnews
ঢাকাSunday , 10 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

মুখ্যমন্ত্রী হয়েই বিজয়ের নির্দেশ, ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি

etcnews
May 10, 2026 12:08 pm
Link Copied!

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বড় পরিবর্তনের ঘোষণা দিলেন সি জোসেফ বিজয়। রোববার (১০ মে) দায়িত্ব গ্রহণ করেই তিনি তিনটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক ও নিরাপত্তা সংক্রান্ত ফাইলে সই করেন। বিজয়ের প্রথম নির্দেশনার মধ্যে রয়েছে—রাজ্যের সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় বা বিনামূল্যে প্রদান, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন।

শপথ গ্রহণ শেষে উপস্থিত বিশাল জনসমুদ্রের উদ্দেশে এক আবেগঘন ভাষণ দেন বিজয়। বরাবরের মতো তার বিখ্যাত সেই তামিল সম্বোধন ‘এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম’ (আমার হৃদয়ে যারা বাস করো) দিয়ে বক্তব্য শুরু করেন তিনি। এই শব্দবন্ধটি তিনি সিনেমার ক্যারিয়ারের শুরু থেকেই ভক্তদের সম্বোধন করতে ব্যবহার করে আসছেন। আজ রাজনৈতিক মঞ্চেও সেই একই ভাষায় মানুষের মন জয়ের চেষ্টা করেন তিনি।এর আগে, তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস গড়েন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয়। রোববার সকালে চেন্নাইয়ের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) প্রধান। এর মধ্য দিয়ে প্রায় ৬০ বছর পর ডিএমকে ও এআইএডিএমকের বাইরে কোনো অ-দ্রাবিড় রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠিত হলো তামিলনাড়ুতে।

গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে গত চারদিন তুমুল রাজনৈতিক নাটকীয়তা চলে। এই সময়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হন ৫১ বছর বয়সী এই নেতা।বিজয়ের এই ঐতিহাসিক শপথগ্রহণকে কেন্দ্র করে গোটা চেন্নাই জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তার সমর্থকরা এই জয়কে তামিল রাজনীতির এক ‘নতুন সূর্যোদয়’ হিসেবে অভিহিত করছেন। শপথ গ্রহণ শেষে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় এখন রাজ্য পরিচালনায় তার নতুন মন্ত্রিসভা এবং কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। তবে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী, আগামী ১৩ মের মধ্যে তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

সূত্র: এনডিটিভি

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।