etcnews
ঢাকাThursday , 7 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ডিআইইউতে আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু, অংশ নিচ্ছে ৫০টির বেশি দেশ

etcnews
May 7, 2026 6:27 pm
Link Copied!

ডিআইইউ প্রতিনিধি :

রাজধানীতে অবস্থিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এ শুরু হয়েছে আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস (ইসিসিটি) ২০২৬’। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, স্মার্ট প্রযুক্তি ও ভবিষ্যৎ উদ্ভাবনকে কেন্দ্র করে আয়োজিত দুইদিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের ৫০টিরও বেশি দেশের গবেষক, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের এসটিসি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। ৭ ও ৮ মে পর্যন্ত চলা এই আয়োজন অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনের জন্য মোট ৭১৩টি গবেষণাপত্র জমা পড়ে। কঠোর রিভিউ প্রক্রিয়া শেষে এর মধ্যে ২৫২টি গবেষণাপত্র গ্রহণ করা হয়েছে। সম্মেলনের অ্যাকসেপ্টেন্স রেট ৩৫ শতাংশ, যা আন্তর্জাতিক মানের গবেষণা সম্মেলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), এআই-চালিত স্বাস্থ্যসেবা, ট্রাস্টওয়ার্দি এআই, বাংলা এনএলপি ও এলএলএম, সাইবার সিকিউরিটি, স্মার্ট আইওটি, অটোনোমাস ট্রান্সপোর্টেশন, নবায়নযোগ্য জ্বালানি, এগ্রিটেক এবং এনভায়রনমেন্টাল ইন্টেলিজেন্সসহ প্রযুক্তির আধুনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ৩৩টি টেকনিক্যাল সেশন, ৭টি কীনোট স্পিচ এবং ২টি ইনভাইটেড টক।দেশ-বিদেশের খ্যাতিমান গবেষক ও প্রযুক্তিবিদরা এসব সেশনে অংশ নিয়ে ভবিষ্যৎ প্রযুক্তি, গবেষণার সম্ভাবনা এবং উদ্ভাবনী ধারণা তুলে ধরছেন। আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে গৃহীত গবেষণাপত্রগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রকাশনা প্ল্যাটফর্ম অ্যাটলান্টিস প্রেস (স্প্রিংগার), টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ এবং স্কোপাস ইনডেক্সড প্রকাশনায় প্রকাশ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. সোহেল রহমান বলেন, “প্রযুক্তির অগ্রগতি তখনই অর্থবহ হবে, যখন তা দেশের মানুষের বাস্তব উন্নয়নে কাজে লাগবে। শিক্ষার্থীদের বিশ্বমানের জ্ঞান অর্জন করে দেশকে এগিয়ে নিতে হবে।” তিনি দায়িত্বশীলভাবে এআই ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার, অধ্যাপক ড. এম. শামীম কায়সার, অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা এবং অধ্যাপক ড. মো. আব্দুল বাসেদ।

আগামী ৮ মে বিকেলে সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ববী হাজ্জাজ।
আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন ‘ইসিসিটি ২০২৬’ আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগ, ইইই বিভাগ, সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটি।

/কানিজ/ঋতু

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।