বিদায়ী এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত ও ৭০৯ জন আহত হয়েছেন। মোট ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫৩ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছে।
বুধবার (৬ মে) সকালে রোড সেফটি ফাউন্ডেশন এ সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে। সংগঠনটি জানায়, নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময় নৌপথে সাতটি দুর্ঘটনায় চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, এপ্রিল মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল। এছাড়া সড়কের ধরন অনুযায়ী আঞ্চলিক সড়কে সর্বাধিক ১৯৩টি দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার ৪১ দশমিক ৬৮ শতাংশ।
সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে সকালে— মোট দুর্ঘটনার ২৮ দশমিক ৫০ শতাংশ।
অঞ্চলভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সিলেট বিভাগে সবচেয়ে কম ১২টি দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।
সংগঠনটি সড়ক নিরাপত্তা জোরদার, আইন প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে।

