রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬”।
বুধবার( ২৯ এপ্রিল) সকাল ৯ টা ৪৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে থেকে র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালিতে যবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান , পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক সহ উক্ত বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর তার বক্তব্যে বলেন, “ আমাদের সমাজে পুষ্টি বিষয়ক সঠিক জ্ঞানের অভাবে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় একটি চ্যালেঞ্জ। একজন পুষ্টিবিদ বা পুষ্টি বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে এই ভ্রান্ত ধারণাগুলো দূর করে সঠিক তথ্য পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। জাতীয় পুষ্টি সপ্তাহ আমাদের এই বার্তাই মনে করিয়ে দেয়। আমাদের উচিত নিজ নিজ অবস্থান থেকে পরিবার, আত্মীয়-স্বজন এবং সমাজের প্রতিটি স্তরে পুষ্টি সচেতনতা ছড়িয়ে দেওয়া। সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টির বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমেই আমরা একটি স্বাস্থ্যসচেতন ও প্রাণবন্ত সমাজ গড়ে তুলতে পারি।”
র্যালি শেষে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে পুষ্টি বিষয়ক আলোচনা সভায় অংশ নেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় বক্তারা যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের সামনে পুষ্টি বিষয়ে বিভিন্ন বার্তা তুলে ধরেন।
এছাড়াও প্রাত্যহিক জীবনে পুষ্টির প্রয়োজনীয়তা ও তাৎপর্য এবং দৈনন্দিন খাবারের বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন হতে উদ্বুদ্ধ করেন।
/কানিজ/রাব্বীল

