চট্টগ্রাম প্রতিনিধি :
দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন (চাকসু) ২০২৫। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ছাত্র সংগঠন ও জোট নিজেদের প্রস্তুতি শুরু করেছে। এরই অংশ হিসেবে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্যানেল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রতিনিধিরা এদিন একসাথে উপস্থিত হয়ে ফর্ম সংগ্রহ করেন। ফর্ম সংগ্রহ শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে প্রতিদ্বন্দ্বিতা করবেন।প্যানেলের নেতৃবৃন্দ জানান, অচিরেই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং নির্বাচনী প্রচারণা জোরদার করা হবে। তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ দীর্ঘ সময় ধরে যে গণতান্ত্রিক চর্চার অপেক্ষায় আছে, এই নির্বাচন তারই একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি এবং একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নের দাবি নিয়েই তারা নির্বাচনী মাঠে নামছেন। সংগঠনের নেতারা আরও বলেন, একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ছাত্র সংসদ গঠনের জন্য তারা কাজ করবেন।এদিকে দীর্ঘ বিরতির পর চাকসু নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও প্রত্যাশার জন্ম দিয়েছে আসন্ন এই নির্বাচন। অনেকে মনে করছেন, এ নির্বাচন ক্যাম্পাস রাজনীতিতে নতুন ধারার সূচনা করবে এবং শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্রতিনিধি পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

