স্টাফ রিপোর্টার :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে জামায়াতিকরণের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী আদর্শের সাবেক ছাত্র নেতৃবৃন্দ।
আজ শুক্রবার সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউটে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনে জামাতিকরণের প্রতিবাদে এক জরুরী সভায় বসেন জাতীয়তাবাদী আদর্শের সাবেক ছাত্র নেতৃবৃন্দ।
সভায় সম্প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষক নেতা ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এর পদত্যাগ ইস্যু এবং ছাত্র বিষয়ক পরিচালক হিসেবে জামায়াতপন্থী শিক্ষককে নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়।
সাবেক ছাত্র নেতৃবৃন্দ বলেন আওয়ামী ফ্যাসিস্ট এর আমলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছেন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। তাকে অবমূল্যায়ন করে বিধি লঙ্ঘন করে জামায়াতের শিক্ষককে মূল্যায়ন করা কোন ক্রমেই সঠিক কাজ করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনে ইদানিং জামায়াতিকরণের অপচেষ্টা প্রবল আকার ধারণ করছে। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি মুক্ত ঘোষণা করে গুপ্তভাবে জামায়াত শিবিরের রাজনীতি চালানোর অপচেষ্টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার বিষয়টিও দৃশ্যমান। এ ধারা অব্যাহত থাকলে সাবেক ছাত্র নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে স্মারক লিপি প্রদান করবেন বলে সিদ্ধান্ত হয়।
প্রতিবাদ লিপিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জাতীয়তাবাদী ছাত্রদলের শতাধিক সাবেক নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান জনি, শফিউল্লাহ মজুমদার কিরণ,শফিকুল ইসলাম শফিক, মহিবুর রহমান বিপ্লব, শরিফ হোসেন খান,রোহেন আক্তার মুন্না, আকন্দ এম এস এ আসাদ, এস এম নিয়াজ মোরশেদ, সালাউদ্দিন রিয়াজ, সাইদুজ্জামান মানিক, শামসুল হক মো: মিরাজ , মেহেদী হাসান (মহসিন), রাসেল মিয়া, মনিরুল হক জনি ও আবদুল্লাহ আল বাক্কী প্রমুখ।

