রংপুরের পায়রা চত্ত্বরে ৮ মার্চ ২০২৫ ইংরেজি রাত্রি ১১টার দিকে ফুটপাতে দোকান বসানোর প্রতিবাদকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও এক দোকানদারের মধ্যে কথাকাটাকাটি হয়। ঘটনা শুরু হয়, যখন ফুটপাতে দাঁড়ানো চারজন শিক্ষার্থী—যাদের মধ্যে দুইজন মেয়ে ছিলেন—ফুটপাতে দোকান বসানোর কারণে সমস্যার মুখোমুখি হন।
কথাকাটাকাটির এক পর্যায়ে দোকানদার শিক্ষার্থীদের গায়ে হাত তোলেন, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। আশপাশের অন্যান্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে গ্যাঞ্জাম সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা হয়, যার ফলে অনেক শিক্ষার্থী আহত হন।
ঘটনাটি বেরোবির বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনটি থেকে চারটি বাসে শিক্ষকসহ অসংখ্য শিক্ষার্থী ঘটনাস্থলে পৌঁছান। শিক্ষার্থীরা রাস্তায় বসে প্রতিবাদ জানালে, অবশেষে সেনাবাহিনী, পুলিশ এবং দোকানদার ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন এবং পরে তাদের ফেরত নিয়ে আসেন। আগামীকাল জেলা প্রশাসকের সাথে বসে ঘটনার মীমাংসা করার কথা রয়েছে!

