পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে রাজনৈতিক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পূজার ছুটিতে ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ওল্ড একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে অনুষদীয় লাইব্রেরির সামনে দিয়ে নিউ একাডেমিক বিল্ডিংয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা আরিফ ইসলাম বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অতীতের দমন-পীড়নের রাজনীতির কোনো স্থান শিক্ষাঙ্গনে হতে পারে না। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে।”
ছাত্রদল নেতা খান মোহাম্মদ নাফিউ বলেন, “বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানচর্চা ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জায়গা। কোনো নিষিদ্ধ সংগঠন যেন ক্যাম্পাসে পুনরায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের এ অবস্থান অব্যাহত থাকবে।”
এ সময় ছাত্রদল নেতা মেহেদী হাসান ইমন বলেন, “পূজার ছুটিতে ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই আমাদের আজকের কর্মসূচি। আমরা চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালিত না হোক এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় থাকুক।”
মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ না দেওয়ার দাবি জানান।
/কানিজ/মুশতাক

