পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি দোতলা বাস। বাস দুটি বরিশাল রুটে চলাচল করবে।
১ নভেম্বর (রবিবার) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মো: আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মো: জামাল হোসেন, পরিবহন শাখার পরিচালক সহযোগী অধ্যাপক আব্দুর রহিমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নতুন দুটি বাস যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা বলেন, “দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট রয়েছে। দুটি দোতলা বাস যুক্ত হওয়ায় আশা করছি, এ সংকট অনেকটাই কমবে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। প্রশাসনের এমন ইতিবাচক সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করছিলাম। তবে প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় ইউজিসির সঙ্গে আলোচনা করে দুটি দোতলা বাসের অনুমোদন নেওয়া হয়েছে। আশা করছি, বাস দুটি শিক্ষার্থীদের পরিবহন চাহিদা পূরণে ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “বাস দুটি যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তাবিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, বাস দুটি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে গত ৩১ অক্টোবর দুমকি থেকে পায়রা সেতু পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ও ডালপালা ছাঁটাই করা হয়।
/কানিজ/মুশতাক

