যুক্তরাষ্ট্র-পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও চাপ উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্রের অবস্থান বদলাতে পারবে না বলে দাবি করেছে পিয়ংইয়ং। দেশটির বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়ন জোরদারের আহ্বান জানিয়ে কয়েকটি দেশের দেওয়া যৌথ বিবৃতিকে নিজেদের সার্বভৌমত্বের ‘নির্লজ্জ লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া।শনিবার (৩১ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশ নিয়ে গঠিত নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী চলতি সপ্তাহে ওই যৌথ বিবৃতি দেয়। এতে জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতি উত্তর কোরিয়ার শ্রমিক নিয়োগ এবং পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা নিষিদ্ধ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নেওয়া নিষেধাজ্ঞার সিদ্ধান্তগুলো পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘নিষেধাজ্ঞা ও চাপ দুর্বলদের ওপর কাজ করতে পারে, কিন্তু আমাদের ওপর কখনোই নয়।’কেসিএনএ প্রকাশিত বিবৃতিতে ওই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রচলিত নিষেধাজ্ঞার কৌশল উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্রের অবস্থানকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না।
২০০৬ সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের লক্ষ্যে একাধিক নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহণ করেছে।
সূত্র : রয়টার্স

