রাজধানী ঢাকার উত্তর বাড্ডার হাজীপাড়া মসজিদসংলগ্ন একটি মেসের কক্ষ থেকে সাইমুম আকাশ (১৪) নামে ঠাকুরগাঁওয়ের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত সাইমুম আকাশ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মহাজনহাট এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আশরাফুল ইসলাম।
পরিবার সূত্রে জানা যায়, সাইমুম আকাশ রাণীশংকৈল থেকে ঢাকায় বেড়াতে গিয়েছিল। সেখানে তিনি এক আত্মীয়ের মেসে অবস্থান করছিলেন এবং একটি কক্ষে একাই ছিল।
জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেল থেকে সাইমুমকে আর দেখা যাচ্ছিল না। রাতে তার কক্ষের দরজা বন্ধ থাকায় একাধিকবার ডাকাডাকি করা হলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে মেস মালিক পুলিশকে খবর দেন।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে বাড্ডা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে সাইমুমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এদিকে সাইমুমের মৃত্যুকে ঘিরে পরিবারের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, তার সঙ্গে কারও কোনো শত্রুতা বা বিরোধ ছিল না। এমনকি তিনি আত্মহত্যা করতে পারেন—এমনটিও তারা বিশ্বাস করেন না। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজনেরা।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন স্বজনেরা। ১৪ বছর বয়সী সাইমুমের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

