মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র বাতু কেভসে ঐতিহ্যবাহী শাড়ি পরে নজর কেড়েছেন বাংলাদেশি চার তরুণী কবিতা, প্রজাপতি, সানজি ও তন্বী। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও বাঙালির চিরন্তন ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ ও উদযাপনের উদ্দেশ্যেই তাদের এই বিশেষ আয়োজন।শাড়ির ঐতিহ্যবাহী বাঙালিয়ানা ও বাতু কেভসের চমৎকার প্রাকৃতিক পরিবেশের মেলবন্ধনে তোলা ছবিগুলোতে ফুটে উঠেছে দেশের সাজ ও সংস্কৃতির প্রতি তাদের গভীর অনুরাগ। সুদূর মালয়েশিয়ার মাটিতে দাঁড়িয়েও বাঙালি পোশাকের প্রতি তাদের এই টান ভিন্ন এক মাত্রা যোগ করেছে।এনটিভি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেন, শাড়ি বাঙালি নারীর সংস্কৃতি ও ঐতিহ্যগত পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। প্রবাসে অবস্থান করলেও এই শাশ্বত ঐতিহ্যের প্রতি ভালোবাসা আগের মতোই অটুট রয়েছে। কোনো নির্দিষ্ট উৎসব না থাকা সত্ত্বেও শাড়ি পরিধান করলে দেশের সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে এক অনন্য আত্মিক সংযোগ অনুভব করেন তারা।
তারা আরও বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে উজ্জ্বলভাবে তুলে ধরা আনন্দের পাশাপাশি অত্যন্ত গর্বের। একইসঙ্গে নতুন প্রজন্মের মধ্যে বাঙালি পোশাক ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ও আগ্রহ জাগিয়ে তোলা প্রয়োজন বলে মনে করেন তারা।
মালয়েশিয়ার বাতু কেভসের সিঁড়িতে শাড়ি পরা এই চার তরুণীর উপস্থিতি প্রবাসের মাটিতে যেন রূপ নিয়েছিল এক টুকরো বাংলাদেশে। দেশ থেকে দূরে থাকলেও যে হৃদয়ে শেকড়ের টান সবসময় অটুট থাকে, তাদের এই প্রশংসনীয় উদ্যোগ সেই বার্তাই বহন করে।

