হাবিবুর রহমান (বাপ্পী),স্টাফ রিপোর্টার :
দেশের ডাক বিভাগে প্রায় ৭ হাজার পদ শূন্য রয়েছে। এর মধ্যে চলতি বছর ২ হাজার পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বাকি ৫ হাজার পদ পর্যায়ক্রমে পূরণ করা হবে। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ‘বিশ্ব ডাক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী ডাকসেবাকে আধুনিক প্রযুক্তি, উন্নত অবকাঠামো ও কার্যকর গ্রাহকসেবার সঙ্গে যুক্ত করে একটি সমন্বিত, স্মার্ট ও জনবান্ধব লজিস্টিকস নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, ডাক বিভাগের বিস্তৃত নেটওয়ার্ক ও জনগণের দীর্ঘদিনের আস্থা এ বিভাগের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা পৌঁছে দেওয়াই এখন মূল লক্ষ্য।
৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস
আগামী ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হবে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) ঘোষিত এবারের প্রতিপাদ্য সম্মিলিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা। এই প্রতিপাদ্য সামনে রেখে চিঠিপত্রের প্রচলিত সেবার পাশাপাশি ই-কমার্স, পার্সেল, লজিস্টিকস ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মতো আধুনিক সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানান মহাপরিচালক।
নগদের প্রায় ৯ কোটি গ্রাহক
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী আসাদুল ইসলাম জানান, ডাক বিভাগের আর্থিক সেবা ‘নগদ’-এর প্রায় ৯ কোটি গ্রাহক রয়েছে। দিন দিন এ সেবার পরিধিও বাড়ছে।
স্পিড পোস্টে ৮১১ টন পণ্য পরিবহন
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের মার্চ থেকে এ পর্যন্ত স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। ই-কমার্স ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকেরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পাঠাতে এ সেবা ব্যবহার করছেন। ফলে স্পিড পোস্টের জনপ্রিয়তা বাড়ছে বলে জানানো হয়।
আন্তর্জাতিক পার্সেল পরিবহন বেড়েছে
আন্তর্জাতিক পার্সেল সেবাতেও অগ্রগতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশগামী পার্সেল পরিবহন করা হয়েছিল ২৪০ টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে তা বেড়ে হয়েছে ৩১৬ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক পার্সেল পরিবহন বেড়েছে ৭৬ টন। এর ফলে প্রবাসী বাংলাদেশি ও রপ্তানিকারকেরা নতুন সুবিধা পাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) আবু তালেব এবং অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) জাকির হাসান নূরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

